আওয়ামী সন্ত্রাসীদের যেখানেই পাবেন প্রতিহত করুন

বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টার প্রতিবাদে রাফির সংবাদ সম্মেলন

আজাদী প্রতিবেদন | শনিবার , ২১ নভেম্বর, ২০২৬ at ১১:০৪ পূর্বাহ্ণ

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফির পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টার প্রতিবাদে গতকাল চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তিনি। এ সময় তালাত মাহমুদ রাফি বলেন, নেত্রকোণা আমার গ্রামের বাড়িতে গতকাল (বৃহস্পতিবার) রাত ৩টায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করে। ঘরে আমার ঘুমন্ত আব্বা আম্মা ছিল। একটা শপিং ব্যাগ দিয়ে আগুন ধরায় সন্ত্রাসীরা। আগুন ধরানোর সাথে সাথেই পেট্রোলের গন্ধে আমার পাশের বাসার চাচি বের হয়ে আসে এবং দেখেন যে আমাদের ঘরের বারান্দায় আগুন জ্বলছে। তার তাৎক্ষণিক তৎপরতায় আমার আব্বু আম্মু ঘুম থেকে উঠে যান। যার ফলে বড় কোনো বিপদ হয়নি। তালাত মাহমুদ রাফি বলেন, ঘটনার ২৪ ঘণ্টা পার হয়ে যাবার পরও পুলিশ সন্ত্রাসীদের কাউকে গ্রেফতার করতে পারেনি। অথচ পুলিশকে দেখিয়ে দেওয়া হয়েছে কারা এই ঘটনা ঘটিয়েছে। পুলিশের এই নীরবতা, নিষ্ক্রিয়তা আরও আশঙ্কার জন্ম দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি। বলেন, সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার কারণে আওয়ামী সন্ত্রাসীরা আজকে সারাদেশে এরকম ভয়াবহ নাশকতা চালানোর সুযোগ পাচ্ছে।

তিনি বলেন, বিভিন্ন সময় আমরা দেখেছি আওয়ামী লীগকে পুলিশে গ্রেফতার করিয়ে দেবার পর বিভিন্ন জায়গায় বিএনপির নেতারা গিয়ে তদবির করেছেন। এ সমস্ত কাজের ফলেই আজকে পতিত লীগ বিএনপির এমপিদের বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে, কৃষকদলের নেতাকে মেরে ফেলেছে। তিনি বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, আওয়ামী সন্ত্রাসীদের যেখানেই পাবেন প্রতিহত করুন, যারা এদের আশ্রয় প্রশ্রয় দেয় তাদেরকেও প্রতিহত করতে হবে।

আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নাই। জুলাইয়ে তোমাদের হাসিনার বুলেট আমাদের লড়াই থামাইতে পারে নাই, তোমাদের অগ্নি সন্ত্রাসও আমাদের এই লড়াই থামাইতে পারবে না। আমাদের কোনো পিছুটান নাই, আমাদের সামনে শুধুই বাংলাদেশ। এই নতুন বাংলাদেশের যাত্রা কোনো বাঁধাই থামাইতে পারবে না। আমি যদি মরেও যাই জনগণের পক্ষের এই লড়াই চলবে বলেও তিনি উল্লেখ করেন।

পূর্ববর্তী নিবন্ধমাটির নিচে পাওয়া মর্টারশেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী
পরবর্তী নিবন্ধনিবন্ধনহীন ও অদক্ষ ব্যক্তিরা ডেন্টাল চিকিৎসা দিলে কঠোর ব্যবস্থা