বাংলাদেশি নাগরিকদের অস্ট্রেলিয়ায় বসবাস ও কাজের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার ফাঁদে ফেলছে ভুয়া মাইগ্রেশন এজেন্টরা। এ বিষয়ে অস্ট্রেলিয়াগামীদের সতর্ক করেছে ঢাকার অস্ট্রেলিয়ান হাইকমিশন। গতকাল শনিবার এক বার্তায় অস্ট্রেলিয়াগমনেচ্ছু বাংলাদেশি নাগরিকদের এ বিষয়ে সতর্ক করে হাইকমিশন।
বার্তায় বলা হয়, বাংলাদেশি নাগরিকদের অস্ট্রেলিয়ায় বসবাস ও কাজের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভুয়া মাইগ্রেশন এজেন্টরা প্রতারণার ফাঁদে ফেলছে। ভিসা–সংক্রান্ত সঠিক পরামর্শ পাওয়ার নির্ভরযোগ্য উপায় হিসেবে অস্ট্রেলিয়ায় নিবন্ধিত মাইগ্রেশন এজেন্ট অথবা অস্ট্রেলীয় আইনজীবীর সেবা নেওয়ার পরামর্শ দিয়েছে হাইকমিশন। নিবন্ধিত মাইগ্রেশন এজেন্টরা বাংলাদেশেও কার্যক্রম পরিচালনা করতে পারেন। খবর বাংলানিউজের।












