অনুষদের ডিন ও বিভাগীয় সভাপতিবৃন্দের সঙ্গে সমন্বয় সভা

চবির হীরকজয়ন্তী উদযাপনের প্রস্তুতি

| মঙ্গলবার , ৩ নভেম্বর, ২০২৬ at ১০:৪৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তিতে হীরকজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, বিভাগ ও ইনস্টিটিউটের অংশগ্রহণ এবং সার্বিক সমন্বয় নিশ্চিত করার লক্ষ্যে এক সভা গতকাল সোমবার উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্‌–ফোরকানের সভাপতিত্বে উপাচার্য দপ্তরে অনুষ্ঠিত হয়। সভায় উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল–আমীন, উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম, চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, প্রক্টর এবং ছাত্র–ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক উপস্থিত ছিলেন। সভায় হীরকজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালায় বিশ্ববিদ্যালয়ের সব অনুষদ, বিভাগ ও ইনস্টিটিউটের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ ছাড়া অনুষ্ঠানমালার সফল আয়োজন, সংশ্লিষ্ট সবার মধ্যে কার্যকর সমন্বয় সাধন এবং দায়িত্ব বণ্টনের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও করণীয় নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন উপাচার্য। উপাচার্য বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছয় দশকের গৌরবময় পথচলা উদযাপন সবার সম্মিলিত প্রয়াসের বিষয়। হীরকজয়ন্তীর অনুষ্ঠানমালাকে সফল, সুশৃঙ্খল ও স্মরণীয় করে তুলতে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনুষদ, বিভাগ ও ইনস্টিটিউটকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে অংশগ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজান স্কুল প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদের নির্বাচন ৯ ডিসেম্বর
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে ট্রেনের সঙ্গে কারের সংঘর্ষ