চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সাহিত্য ম্যাগাজিন ‘অনুরাগনামা’র বর্ষপূর্তি উপলক্ষে ‘অনুরাগনামা কথন, মোড়ক উন্মোচন ও কবিতা সন্ধ্যা’। ৮ অক্টোবর চট্টগ্রামের বাতিঘরে আয়োজিত এ সাহিত্য সন্ধ্যায় লেখক, কবি, শিক্ষক, সাহিত্যপ্রেমী ও তরুণদের প্রাণবন্ত উপস্থিতিতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। ‘অনুরাগনামা’র সম্পাদক মুহাম্মদ শফিউল আলম হাসান ইমতিহানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলোকধারা সম্পাদক অধ্যাপক জহুর উল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক মীর মোহাম্মদ তরিকুল আলম, জসীম উদ্দিন খান, অ্যাডভোকেট আব্দুল্লাহ মোহাম্মদ ইকবাল, কবি ও সাহিত্যিক আরেফিন রিয়াদ এবং লেখক ইমরান ইমি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আত্মোন্নয়নমূলক যুব সংগঠন তাজকিয়া কেন্দ্রীয় পর্ষদের সভাপতি মোহাম্মদ রমিজ আলী। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সায়ীদা আফরীন নাবিলা ও জয়ীতা দাশ শ্রেয়া। আলোচনার পাশাপাশি অনুষ্ঠানে ‘অনুরাগনামা’র বর্ষপূর্তি উপলক্ষে প্রকাশিত স্মারক সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। পরে অনুষ্ঠিত হয় কবিতা সন্ধ্যা। এতে কবিতা পাঠ ও সাহিত্যিক পরিবেশনার মধ্য দিয়ে তরুণ কবি ও সাহিত্যপ্রেমীরা নিজেদের সৃজনশীলতা তুলে ধরেন। ফলে পুরো আয়োজনটি পরিণত হয় সাহিত্য, চিন্তা ও তারুণ্যের এক প্রাণবন্ত মিলনমেলায়। বক্তারা বলেন, বর্তমান সময়ে তরুণদের মধ্যে পাঠাভ্যাস, সৃজনশীলতা ও বুদ্ধিবৃত্তিক চর্চা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ‘অনুরাগনামা’ তরুণদের সাহিত্যচর্চার পাশাপাশি আত্মজিজ্ঞাসা, মানবিক মূল্যবোধ ও ইতিবাচক চিন্তার বিকাশে যে উদ্যোগ গ্রহণ করেছে, তা প্রশংসনীয়। তারা এ ধরনের বুদ্ধিবৃত্তিক ও সৃজনশীল আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি











