নগরীর রেয়াজুদ্দিন বাজারে নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, খাবারে শিল্পকারখানায় ব্যবহৃত রং মেশানো, পচা–বাসি খাবার সংরক্ষণ এবং পোড়া তেলে খাবার ভাজার অভিযোগে হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সোমবার রেয়াজুদ্দিন বাজার এলাকায় অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয় যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
অভিযানে ফজল দিন ইকবাল দিন নামের প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। যথাযথভাবে ক্রয়–বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করা, নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং খাবারে ব্যবহারের জন্য শিল্পকারখানায় ব্যবহৃত রং বিক্রির দায়ে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।
এছাড়া পচা–বাসি খাবার সংরক্ষণ ও বিক্রির উদ্দেশ্যে রাখার দায়ে পূরবী হোটেলকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে হোটেলটির ফ্রিজে রান্না করা পচা ও বাসি সবজি, তরকারি, গ্রিল ও বিরিয়ানি পাওয়া যায়। অন্যের খাওয়ার পর প্লেটে পড়ে থাকা ভাতের সঙ্গে মাংস মিশিয়ে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের প্রমাণও পাওয়া যায়। পাশাপাশি অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করা হচ্ছিল।
অন্যদিকে, পোড়া ও অস্বাস্থ্যকর কালো তেলে খাবার ভাজার দায়ে বিসমিল্লাহ ঝাল বিতানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। এ সময় সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও মাহমুদা আক্তার উপস্থিত ছিলেন।
মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, ভোক্তাদের নিরাপদ খাদ্য ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে। পচা–বাসি খাবার সংরক্ষণ, নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং খাদ্যে ব্যবহারের অনুপযোগী উপকরণ ব্যবহার কোনোভাবেই বরদাশত করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।







