৮দিন পর সেন্টমার্টিনে ফিরেছেন ১৪০ বাসিন্দা

কক্সবাজার প্রতিনিধি | রবিবার , ১২ জুলাই, ২০২৬ at ১০:৩৩ পূর্বাহ্ণ

বৈরী আবহাওয়া ও সাগরে সৃষ্ট লঘুচাপের কারণে কক্সবাজারের টেকনাফে আটকে পড়া সেন্টমার্টিন দ্বীপের ১৪০ জন বাসিন্দা ৮ দিন পর সেন্টমার্টিনে ফিরে গেছেন।

গতকাল শনিবার সকালে টেকনাফ জেটিঘাট থেকে তিনটি ট্রলারে করে তারা সেন্টমার্টিনে ফিরে যায়। দুপুরের দিকে ট্রলারগুলো নিরাপদে সেন্টমার্টিনে পৌঁছায়। টেকনাফসেন্টমার্টিন ট্রলার মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ জানান, বৈরী আবহাওয়ার কারণে টেকনাফসেন্টমার্টিন নৌপথে টানা ৮দিন ট্রলার চলাচল বন্ধ ছিল। এতে টেকনাফে অবস্থানরত সেন্টমার্টিনের বাসিন্দা ও বিভিন্ন কাজে যাওয়া লোকজন আটকে পড়েন। তিনি বলেন, শনিবার টেকনাফ থেকে প্রায় ১৪০ জন যাত্রী ও প্রয়োজনীয় মালামাল নিয়ে তিনটি ট্রলার সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যায় এবং দুপুরের দিকে নিরাপদে দ্বীপে পৌঁছে। একই দিনে সেন্টমার্টিন থেকে প্রায় ৭০ জন যাত্রী নিয়ে ওউ দুটি ট্রলার টেকনাফে ফিরে আসে। টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. অনীক চৌধুরী বলেন, সাগরের বৈরী আবহাওয়া কিছুটা স্বাভাবিক হওয়ায় টেকনাফে আটকে পড়া সেন্টমার্টিনগামী যাত্রীরা দ্বীপে যেতে পেরেছেন। একই সঙ্গে দ্বীপের প্রায় ৩০০ পরিবারের জন্য চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীও সেন্টমার্টিনে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীর বুড়িশ্চরে ত্রাণ বিতরণ
পরবর্তী নিবন্ধজিম্বাবুয়েতে হোয়াইটওয়াশ এড়ালো মিরাজরা