চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নারী শিক্ষার্থীদের আত্মরক্ষার কৌশল শেখাতে পাঁচ দিনব্যাপী আত্মরক্ষা প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)। এ কর্মসূচির মাধ্যমে প্রায় ৬০০ নারী শিক্ষার্থীকে সম্পূর্ণ বিনামূল্যে আত্মরক্ষা প্রশিক্ষণ দেওয়া হবে।
গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ভবনে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি ইব্রাহিম রনি, জিএস সাহেদ বিন হাবিব, ছাত্রীকল্যাণ সম্পাদক নাহিমা আক্তার দ্বীপা এবং সহ–ছাত্রীকল্যাণ সম্পাদক জানাতুল ফেরদাউস রিতা।
পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী প্রত্যেক নারী শিক্ষার্থী দুটি করে প্রশিক্ষণ সেশনে অংশ নেওয়ার সুযোগ পাবেন। প্রশিক্ষণে মার্শাল আর্টসের মৌলিক কলাকৌশল, বিভিন্ন পরিস্থিতিতে আত্মরক্ষার কৌশল এবং শারীরিক সুস্থতা বজায় রাখতে প্রয়োজনীয় কিছু মৌলিক ব্যায়াম শেখানো হবে।
প্রশিক্ষণটি পরিচালনা করবেন একজন নারী প্রশিক্ষক। নারী শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে নিজেদের নিরাপদ রাখার বিষয়ে ব্যবহারিক ধারণা দেওয়াই এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।
সহ–ছাত্রীকল্যাণ সম্পাদক জানাতুল ফেরদাউস রিতা বলেন, এই আত্মরক্ষা প্রশিক্ষণটি ছাত্রীদের আরও আত্মবিশ্বাসী ও সাহসী করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।











