কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অবকাঠামো খাতের ব্যয়বহুল বিনিয়োগের সঙ্গে মূলধনী দক্ষতার ভারসাম্য ধরে রাখতে বড় সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট। বিশালসংখ্যক কর্মীর জন্য স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব ঘোষণা করেছে মার্কিন এই সফটওয়্যার জায়ান্টটি। খবর বিডিনিউজের।
সোমবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে মাইক্রোসফট বলেছে, যুক্তরাষ্ট্র, কানাডা, ভারত ও যুক্তরাজ্যে লেভেল ৭০ বা তার নিচে কর্মরত নির্দিষ্ট কিছু কর্মীদের জন্য স্বেচ্ছায় চাকরি ত্যাগের প্রস্তাব চালু করেছে তারা। মাইক্রোসফটের এক সূত্রের বরাতে জানা গেছে, কোম্পানিটির মোট ২ লাখ ২৩ হাজার কর্মীর মধ্যে প্রায় ৬০ হাজার কর্মী এর আওতায় পড়বেন, যা কোম্পানিটির সার্বিক জনবলের প্রায় ২৭ শতাংশ। অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে নাম প্রকাশ না করার শর্তে ওই তথ্য আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসিকে নিশ্চিত করেছেন সূত্রটি।
বর্তমানে অ্যানথ্রপিক, ওপেনএআইসহ বেশ কয়েকটি শীর্ষ কোম্পানির ক্লাউড সেবার চাহিদা মেটাতে ও এআই–সংক্রান্ত উচ্চ কম্পিউটিংয়ের বাজার সামলাতে ডেটা সেন্টারগুলোতে বড় অংকের অর্থ ঢালছে মাইক্রোসফট। জুলাইয়ে কোম্পানিটি বলেছিল, কেবল সেপ্টেম্বর প্রান্তিকেই তাদের মূলধনী ব্যয়ের পরিমাণ ৫ হাজার কোটি ডলার ছাড়াতে পারে, যা আগের বছরের একই সময়ে ছিল ৩ হাজার ৪৯০ কোটি ডলার। এআই খাতে এমন আগ্রাসী বিনিয়োগের ফলে কোম্পানিটির নিজস্ব অর্থসংস্থানের ওপর তীব্র চাপ তৈরি হয়েছে। আর এই আর্থিক চাপ সামলাতেই এমন পদক্ষেপ নিল মাইক্রোসফট। এর আগে, এপ্রিলে মাইক্রোসফট প্রথমবারের মতো স্বেচ্ছায় অবসর গ্রহণের কর্মসূচি ঘোষণা করেছিল, যেখানে যুক্তরাষ্ট্রের ৭ শতাংশ কর্মী যোগ হয়েছিলেন।











