প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৬ অক্টোবর চার দিনের রাষ্ট্রীয় সফরে টোকিও যাচ্ছেন। গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এই তথ্য পাওয়া গেছে।
সূত্র জানায়, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬–২৯ অক্টোবর টোকিও সফর করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। টোকিও সফরকালে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান। এছাড়া, জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রী সফরে জ্বালানি সহযোগিতা, জনশক্তি রফতানি, বিনিয়োগ, বাণিজ্য এবং বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় প্রাধান্য পেতে পারে।
জানা যায়, প্রধানমন্ত্রীর জাপান সফরে কয়েকটি সমঝোতা স্মারক ও চুক্তি নিয়ে দুইপক্ষের মধ্যে আলোচনা চলছে।











