১৫ লাখ টাকার বিদেশি মদসহ মাইক্রোবাস জব্দ

শাহ আমানত সেতুর গোলচত্বরে তল্লাশি

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৩১ জুলাই, ২০২৬ at ১০:৩২ পূর্বাহ্ণ

নগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতুর গোলচত্বরে তল্লাশি চালিয়ে ১৫ লাখ টাকার বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের মদসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে নতুনব্রিজ এলাকায় ট্রাফিক পুলিশের নিয়মিত কাগজপত্র যাচাই অভিযানের সময় এ ঘটনা ঘটে। মাইক্রোবাসটি সহেন্দহজনকভাবে সেতু পার হওয়ার সময় ট্রাফিক পুলিশের সার্জেন্ট কায়সার ও শহীদুল এবং বাকলিয়া থানা পুলিশ গাড়িটি আটক করে।

পুলিশ জানায়, গাড়িটা শহর থেকে সেতু পার হয়ে দক্ষিণ দিকে যাওয়ার সময় পুলিশের সন্দেহ হলে গাড়িটি সিগন্যাল দেয়। এ সময় ড্রাইভার গাড়িটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পুলিশ গাড়িটি জব্দ করে তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর থেকে বিদেশি বিভিন্ন নামীদামী ব্র্যান্ডের ২১ কার্টন বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধার মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুল কবির আজাদীকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এই ব্যাপারে আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধদুবাই থেকে আসা যাত্রীর ব্যাগেজে মিলল ৬ লাখ টাকার সিগারেট
পরবর্তী নিবন্ধআমিরাতে ভিসা বাতিল ৬২৬ জনের,পাঁচ হাজার নয়