জুলাই মাসের জন্য রান্নায় ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দাম কমানোর সুখবর দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন–বিইআরসি। সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৮৫ টাকা থেকে এক ধাক্কায় ৩৫৭ টাকা কমিয়ে ১ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন এই দর গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হচ্ছে বলে জানিয়েছেন বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ। তিনি বলেন, জুলাই মাসের জন্য বেসরকারি এলপিজির দাম খুচরা পর্যায়ে ভ্যাটসহ প্রতি কেজি ১২৭ টাকা ৩০ পয়সা নির্ধারণ করা হয়েছে। খবর বিডিনিউজের।
জুলাইয়ের সমন্বয়ে ৫ দশমিক ৫ কেজির সিলিন্ডারের দাম ৭০০ টাকা, ১২ দশমিক ৫ কেজির ১ হাজার ৫৯১ টাকা, ১৫ কেজির ১ হাজার ৯১০ টাকা, ১৬ কেজির ২ হাজার ৭ টাকা, ১৮ কেজির ২ হাজার ২৯১ টাকা, ২০ কেজির ২ হাজার ৫৪৬ টাকা, ২২ কেজির ২ হাজার ৮০১ টাকা, ২৫ কেজির ৩ হাজার ১৮৩ টাকা, ৩০ কেজির ৩ হাজার ৮১৯ টাকা, ৩৩ কেজির ৪ হাজার ২০১ টাকা, ৩৫ কেজির ৪ হাজার ৪৫৬ টাকা এবং ৪৫ কেজির ৫ হাজার ৭২৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৬ টাকা ৯৩ পয়সা থেকে কমিয়ে ৭০ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
বিইআরসি বলেছে, সৌদি আরামকোর জুলাই মাসের প্রোপেন ও বিউটেনের সৌদি সিপি অনুযায়ী এ দাম ঠিক করা হয়েছে। প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫:৬৫ ধরে গড় সৌদি সিপি প্রতি মেট্রিক টন ৫৯৩ ডলার বিবেচনায় নেওয়া হয়েছে। সরকারি এলপিজির দাম অপরিবর্তিত থাকবে। ১২ দশমিক ৫০ কেজির সরকারি এলপিজি সিলিন্ডারের ভোক্তা পর্যায়ের দাম ৭৭৬ টাকা ৯৩ পয়সা বহাল রাখা হয়েছে।









