হাসান-তাসকিন-এবাদতদের বোলিং দাপটে মুগ্ধ স্মিথ

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ১৪ আগস্ট, ২০২৬ at ৬:০০ পূর্বাহ্ণ

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের পেসারদের দাপট দেখল ক্রিকেটবিশ্ব। ডারউইনে প্রথম টেস্টের প্রথম দিন নতুন বলে হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেনরা যে চাপ তৈরি করেছেন, তাতে অস্ট্রেলিয়ার টপ অর্ডারকে বেশির ভাগ সময়ই অস্বস্তিতে থাকতে হয়েছে। উইকেটে সিম মুভমেন্ট আর বাংলাদেশের পেসারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে পড়ে স্বাগতিকরা। দিন শেষে অবশ্য স্টিভেন স্মিথের একার লড়াইয়ে স্কোরবোর্ডে ১৯৮ রান তুলতে পেরেছে অজিরা। দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকা স্মিথ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশের পেসারদের প্রশংসায় ভাসালেন। বাংলাদেশের বোলিংয়ের প্রশংসা করতে গিয়ে স্মিথও রাখঢাক করেননি। তার চোখে, কঠিন কন্ডিশনে বাংলাদেশের পুরো বোলিং ইউনিটই নিজেদের কাজটা ভালোভাবে করেছে, ‘আমার মনে হয়েছে, বাংলাদেশের সব বোলারই ভালো বোলিং করেছে। পরিস্থিতি কঠিন ছিল। বল সিম করছিল, তারা ভালো জায়গায় বল করেছে এবং আমাদের ডিফেন্সকে বেশ চ্যালেঞ্জ করেছে। আজ তাদের সব বোলারই ভালো বোলিং করেছে।’শুধু বাংলাদেশের বিপক্ষেই নয়, অস্ট্রেলিয়ার কন্ডিশনে টপ অর্ডারের ব্যাটিং এখন কতটা কঠিন, সেটিও তুলে ধরেছেন স্মিথ, ‘আমি বেশ কিছুদিন ধরেই বলছি, এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় টপ অর্ডারে ব্যাটিং করা আমার ক্যারিয়ারে দেখা সবচেয়ে কঠিন সময়গুলোর একটি। আজকে বল অনেক বেশি সিম করছে। পরিস্থিতি অত্যন্ত কঠিন এবং টপ অর্ডারের ব্যাটার হিসেবে আপনার কিছুটা ভাগ্যও দরকার।’ অস্ট্রেলিয়ার ব্যাটিং ব্যর্থতার পেছনে প্রস্তুতির ঘাটতিকে অবশ্য দায়ী করতে রাজি নন স্মিথ। ব্রিসবেনে অনুশীলন ও ম্যাচ সিমুলেশনসহ যথেষ্ট প্রস্তুতি নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘কোনো অজুহাত নেই। আমরা খুব ভালো প্রস্তুতি নিয়েছি। ব্রিসবেনে অনেক অনুশীলন করেছি, ম্যাচ সিমুলেশন করেছি এবং এখানে এসেও অনুশীলন করেছি। আমরা যথেষ্ট প্রস্তুতি নিয়েছি, তাই কোনো অজুহাত নেই।’ বাংলাদেশের বোলারদের ভালো লেংথে বল করার বিপরীতে নিজেদেরও পাল্টা আক্রমণের পথ খুঁজতে হবে বলে মনে করেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক, ‘সহজ নয়। তবে বোলাররা যখন এভাবে ভালো বোলিং করছে, তখন তাদের ওপর চাপ ফিরিয়ে দেওয়ার, তাদের লেংথ থেকে সরিয়ে দেওয়ার এবং চাপ তৈরি করার উপায় আমাদের খুঁজে যেতে হবে।’ দ্বিতীয় দিন সকালে বাংলাদেশকে চাপে ফেলতে পারবে বলে মনে করছেন স্মিথ, ‘আশা করি, আমরা সকালে কয়েকটি দ্রুত উইকেট নিতে পারব এবং নিজেদের আবার এই ম্যাচে ফিরিয়ে আনতে পারব।’

পূর্ববর্তী নিবন্ধরফিকের ২০ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন হাসান
পরবর্তী নিবন্ধশহীদ জিয়া ও খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আজ