দেশে গত একদিনে হাম ও হামের উপসর্গ নিয়ে আরো পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ দিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও রোগটির উপসর্গ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৮৫ জনে। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত একজন এবং রোগটির উপগর্গ নিয়ে বাকি চারজন মারা গেছে। একইসময় নতুন হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৮৪ জন। খবর বিডিনিউজের। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্ত হয়ে ৯৯ জনের মৃত্যু হয়েছে।
হামের উপসর্গ নিয়ে ৭৮৬ জন প্রাণ হারিয়েছেন। হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩৪৩ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১২৭ জন। এছাড়া রাজশাহীতে ৯১, চট্টগ্রামে ৬১, বরিশালে ৪৭, ময়মনসিংহে ৭২, খুলনায় ৩২ ও রংপুর বিভাগে ১৩ জন মারা গেছে।












