হাটহাজারীতে গ্রেপ্তার যুবলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, ককটেল উদ্ধার

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ২১ জুন, ২০২৬ at ৫:৫০ পূর্বাহ্ণ

হাটহাজারীতে পুলিশের বিশেষ অভিযানে ফরহাদাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি নাজিম উদ্দীন ফরিদ (৪৯) কে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। গত শুক্রবার দিবাগত রাতে ফরহাদাবাদ ইউনিয়নের উদালিয়া গ্রামের দিদার মার্কেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় । গ্রেপ্তার নাজিম উদ্দীন ফরিদ ওই গ্রামের মোহসনা পাড়ার মৃত মৌলানা বাদশা আলমের পুত্র।

সূত্র জানায়, শুক্রবার রাতে সন্ত্রাস বিরোধী আইনে রুজু হওয়া মামলার এজাহারনামীয় পলাতক আসামি ফরিদকে পুলিশ গ্রেপ্তার করলে তার সহযোগীরা তাকে ছিনিয়ে নিতে চায়। তারা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় নিজেদের আত্মরক্ষার্থে পুলিশ ৫ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করলে তারা পালিয়ে যায়। হামলায় অভিযানে অংশ নেয়া ৩ পুলিশ সদস্য আহত হন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে এবং গ্রেপ্তার ফরিদকে থানা হেফাজতে নিয়ে আসে। অভিযানে ১০টি ককটেল ও ৬টি আতশবাজিও উদ্ধার করা হয়। পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টার ঘটনায় ও বিস্ফোরক আইনে পুলিশ বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ ও ২০ জনকে অজ্ঞাত আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছে।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন বলেন, গ্রেপ্তার আসামিকে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়। অন্যদেরও ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে।

প্রসঙ্গত, চলতি বছরের গত ২০ ফেব্রুয়ারি নাজিম উদ্দিন ফরিদকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা নাশকতা মামলায় গ্রেপ্তার করেছিলেন। গত কিছুদিন আগে তিনি কারগার থেকে জামিনে মুক্ত হন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের উন্নয়ন সরকারের অগ্রাধিকার তালিকায় : ভূমি প্রতিমন্ত্রী
পরবর্তী নিবন্ধমধুবনের মালিককে ১৫ লাখ টাকা জরিমানা