হঠাৎ বজ্রপাত, মুহূর্তে শেষ দুটি গরু। ঘটনা ঘটেছে গতকাল রোববার দুপুরে চট্টগ্রামের মীরসরাই ও ফটিকছড়ি উপজেলায়। দুটি গরুই কোরবানিতে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছিল। একটি মারা গেছে বাড়ির পাশে মাঠে, আরেকটি মারা গেছে হাটে। এতে করে দুই ব্যক্তির প্রায় ২ লাখ ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
মীরসরাই : মীরসরাই প্রতিনিধি জানান, মীরসরাই উপজেলায় বজ্রপাতে মারা গেছে কোরবানিতে বিক্রির জন্য প্রস্তুত করা একটি গরু। গতকাল রোববার দুপুরে উপজেলার মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী তেঁতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। গরুটির মালিক উপজেলার মঘাদিয়া ইউনিয়নের সরকারটোলা এলাকার জিন্নাত আলী মুহুরী বাড়ির দিদারুল আলম।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির অদূরে মাঠে বাঁধা ছিল তিন মণ ওজনের ষাঁড়টি। গতকাল দুপুরে হঠাৎ বজ্রপাতে গরুটি মারা যায়। এর আগে শুক্রবার বিক্রির জন্য গরুটি আবুতোরাব বাজারে তোলা হয়েছিল। ক্রেতারা এক লাখ ১০ হাজার টাকা বলেছিলেন, কিন্তু মালিক দিদারুল আলম চেয়েছিলেন এক লাখ ২০ হাজার টাকা।
গরুর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন গরুর মালিক দিদারুল আলম। তিনি বলেন, কোরবানিতে বিক্রির জন্য অনেক কষ্টে গরুটি মোটাতাজা করেছি। আজ সকালে বাড়ির পাশে মাঠে বেঁধে আসি। দুপুরের পর খবর পাই বজ্রপাতে গরুটি মারা গেছে। গরুর কাছে গিয়ে চোখের পানি ধরে রাখতে পারিনি। গরুটি মারা যাওয়ায় আমার অনেক ক্ষতি হয়ে গেল।
মীরসরাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ বলেন, মায়ানীতে বজ্রপাতে গরু মারা যাওয়ার খবর শুনেছি। এই বিষয়ে খোঁজ নিতে মাঠকর্মীদের জানানো হয়েছে।
ফটিকছড়ি : ফটিকছড়ি প্রতিনিধি জানান, ফটিকছড়িতে কোরবানির হাটে বিক্রির জন্য আনা একটি গরু বজ্রপাতে মারা গেছে। গতকাল দুপুরে উপজেলার চামারদিঘি অস্থায়ী পশুর হাটে এ ঘটনা ঘটে। মুহূর্তের প্রাকৃতিক দুর্যোগে গরুটিকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন এর মালিক ও তার পরিবার।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফটিকছড়ির স্থানীয় বাসিন্দা জানে আলম আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গরুটি হাটে এনেছিলেন। এটি ছিল তার পরিবারের সযত্নে লালন–পালন করা একমাত্র গরু। হাটে এর বাজারমূল্য ধরা হয়েছিল প্রায় ১ লাখ ১০ হাজার টাকা।
ক্ষতিগ্রস্ত জানে আলমের ছেলে রিয়াদ কান্নাজড়িত কণ্ঠে বলেন, কোরবানির হাটে বিক্রির জন্য দীর্ঘদিন ধরে এই গরুটি লালন–পালন করছিলাম। আশা ছিল, এবারের হাটে এটি অন্তত ১ লাখ ১০ হাজার টাকায় বিক্রি করতে পারব। এই একটি গরুর ওপর আমাদের পরিবারের অনেক পরিকল্পনা ও স্বপ্ন ছিল। কিন্তু মুহূর্তের বজ্রপাতে আমাদের এতদিনের সব কষ্ট ও স্বপ্ন শেষ হয়ে গেল।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা এরশাদ উল্লাহ জানান, হাটের ভেতর একটি গাছের সঙ্গে গরুটি বাঁধা ছিল। দুপুর আনুমানিক ২টার দিকে হঠাৎ প্রচণ্ড শব্দে বজ্রপাত সরাসরি গাছটিতে আঘাত হানে। এতে ঘটনাস্থলেই গরুটি মারা যায়। বজ্রপাতের বিকট শব্দে আশপাশের আরো কয়েকটি গরু মাটিতে শুয়ে পড়ে। তবে হাটে উপস্থিত মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।












