ন্যাটো জোটে প্রতিরক্ষা খাতে খরচ না করা এবং ইরান যুদ্ধে সহযোগিতা না করায় স্পেনের ওপর চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্পেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সব ধরনের বাণিজ্য বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি। তুরস্কের আঙ্কারায় ন্যাটো জোটের নেতাদের সঙ্গে বৈঠকের আগে ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমি স্পেনের সঙ্গে কোনো কথা বলিনি। স্পেনকে নিয়ে আর কোনো আশা নেই। আমরা স্পেনের সঙ্গে আর কোনো বাণিজ্য করতে চাই না। খবর বিডিনিউজের।
এরপর মার্কিন প্রেসিডেন্ট পাশে থাকা যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্টের দিকে তাকিয়ে বলেন, আমি চাই আপনি স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য এখনই বন্ধ করে দেন।
তবে ট্রাম্পের আকস্মিক এই নির্দেশকে পাত্তা দিচ্ছে না স্পেন। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় ট্রাম্পের এই হুমকিকে গুরুত্ব না দিয়ে একে স্বাভাবিক বিষয় হিসেবেই দেখছে। স্পেনের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের দেশের চমৎকার সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে, যা থেকে দুই দেশই উপকৃত হচ্ছে। এই সম্পর্ক পরিবর্তন করার কোনো অভিপ্রায় আমাদের নেই। তাছাড়া, স্পেন জোর দিয়ে বলেছে, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) একটি ট্রেড ইউনিয়ন। ফলে ইইউর কোনো সদস্য দেশকেই বাণিজ্যর বিষয়ে বাকিদের থেকে আলাদা করে দেখা যায় না।
স্পেন এ বছরের শুরুর দিকেও ট্রাম্পের একইরকম হুমকির জবাব একইভাবেই দিয়েছিল। সে সময় স্পেনই ছিল একমাত্র ন্যাটো সদস্য দেশ যারা প্রতিরক্ষা খাতে ব্যয় জিডিপির ৫ শতাংশ করতে অস্বীকৃতি জানিয়েছিল।












