সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সমপ্রতি স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তিটিকে পশ্চিম এশিয়ার ঐক্য ও আঞ্চলিক নিরাপত্তা জোরদারে এক বড়, সাহসী ও গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ বলে আখ্যায়িত করেছেন তিনি। রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লেখেন, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান সমপ্রতি মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করায় আমি অত্যন্ত আনন্দিত। খবর বিডিনিউজের।
তিনি আরও লেখেন, এর মাধ্যমে স্পষ্ট হচ্ছে যে পশ্চিম এশিয়া কীভাবে এক ছাতার নিচে আসছে এবং দেশগুলো কীভাবে শেষ পর্যন্ত নিজেদের আরও কার্যকরভাবে রক্ষা করার সামর্থ্য পাচ্ছে। গত ৭ অগাস্ট তিন দেশের মধ্যে এই ত্রিপক্ষীয় চুক্তিটি স্বাক্ষরিত হয়। পশ্চিম এশিয়ায় ছড়িয়ে পড়া যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত এবং অঞ্চলজুড়ে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলার প্রেক্ষাপটে এই পদক্ষেপটি নেওয়া হয়। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তির শর্ত অনুযায়ী জোটে থাকা যেকোনো একটি সদস্য দেশের ওপর আক্রমণকে সব দেশের ওপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে। মন্ত্রাণালয় আরও জানায়, চুক্তির মূল লক্ষ্য হলো যৌথ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করা। চুক্তির ঘোষণায় সদস্য দেশগুলো নিজেদের যৌথ নিরাপত্তা আরও জোরদার করার পাশাপাশি অঞ্চলে ও অঞ্চলের বাইরে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার যৌথ অঙ্গীকার ব্যক্ত করেছে। এছাড়া যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত নিরসনে বিভিন্ন উদ্যোগে যৌথভাবে অংশ নেওয়ার বিষয়েও প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে দেশ তিনটি।












