কক্সবাজারের মহেশখালী উপজেলার প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) সোনাদিয়ায় অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে ওঠা ২৫টি কটেজ ও রিসোর্ট গুঁড়িয়ে দিয়েছে যৌথ বাহিনী। গতকাল শনিবার দিনব্যাপী উপজেলা প্রশাসনের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। সোনাদিয়া দ্বীপের পরিবেশ রক্ষা ও সরকারি খাস জমি পুনরুদ্ধারে পরিচালিত এই অভিযানে জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন সংস্থার সদস্যেরা অংশ নেন।
স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগ নিয়ে একদল ভূমিদস্যু ও প্রভাবশালী ব্যক্তি সোনাদিয়া দ্বীপের বন বিভাগের জমি এবং সরকারি খাস জায়গা দখল করে নেন। তারা রাতারাতি সেখানে বিপুলসংখ্যক কটেজ ও রিসোর্ট নির্মাণ করেন। অভিযোগ রয়েছে, এসব কটেজে পর্যটকদের আবাসন সুবিধার আড়ালে মাদক সেবনসহ নানা অনৈতিক কর্মকাণ্ড চলত। উপজেলা প্রশাসন এর আগে বারবার এসব স্থাপনা সরিয়ে নেওয়ার নোটিশ দিলেও দখলদারেরা তাতে কর্ণপাত করেননি।
শনিবারের এই অভিযানে নেতৃত্ব দেন মহেশখালীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর মজুমদার। অভিযানে ছোট–বড় ও মাঝারি আকারের প্রায় ২৫টি স্থাপনা উচ্ছেদ করে সরকারি জমি দখলমুক্ত করা হয়।
জানতে চাইলে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম বলেন, সোনাদিয়া একটি প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা। এখানে অবৈধভাবে গড়ে ওঠা কটেজ ও রিসোর্টের বিরুদ্ধে আমাদের চলমান অভিযানের এটি প্রথম ধাপ। পরিবেশ সংরক্ষণ ও সরকারি জমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে বাংলাদেশ নৌবাহিনী, কোস্ট গার্ড, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস এবং বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।













