চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের টি– টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে এফএমসি স্পোর্টস। অন্য খেলায় জয় পেয়েছে আবাহনী জুনিয়র। গতকাল বুধবার সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের ১ম খেলায় এফএমসি স্পোর্টস ৬৪ রানে কে এম স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে ৪র্থ দল হিসাবে সেমিফাইনাল নিশ্চিত করে। এর পূর্বে চট্টগ্রাম সিটি করপোরেশন একাদশ, ডবলমুরিং ক্লাব, চন্দনাইশ উপজেলা সেমিফাইনাল উঠে। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ এফএমসি’র কাজী কামরুল ইসলামের (৪ ওভার ৯ রানে ৩ উইকেট ও ১০ রান) হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর ইঞ্জিনিয়ার ফজলে রাব্বি খান সাজ্জাদ ও মো. শাহেদ সাকি। সংক্ষিপ্ত স্কোর : এফএমসি স্পোর্টস: ১৫৫/৪ (২০), কে এম স্পোর্টিং ক্লাব – ৯১ (১৭.২)। দুপুরে একই ভেন্যুতে অনুষ্ঠিত দিনের ২য় ম্যাচে আবাহনী জুনিয়র ৭ উইকেটে ক্রিসেন্ট ক্লাবকে পরাজিত করে। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ আবাহনী জুনিয়রের ইফতেখার শরীফ ইফতু (৫৯ বলে ৭৬ রান) হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর ফরিদ আহাম্মদ ও আরিফ আহমেদ চৌধুরী। সংক্ষিপ্ত স্কোর : ক্রিসেন্ট ক্লাব : ১৪৫/১০/১৯.৪, আবাহনী জুনিয়র : ১৫০/৩ /১৮.১।
আজ ২৫ জুন বৃহস্পতিবার সেমিফাইনাল ও ২৮ জুন রোববার টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে সকাল ৯টায় সেমিফাইনালের ১ম ম্যাচে চট্টগ্রাম সিটি করপোরেশন একাদশ–ডবলমুরিং ক্লাব এবং দুপুর ১ টায় ২য় ম্যাচে এফএমসি স্পোর্টস – চন্দনাইশ উপজেলা পরস্পরের মোকাবেলা করবে।











