সেমি-ফাইনালে হেরে গেল বাংলাদেশ

শেফালির শতরান

| সোমবার , ২১ সেপ্টেম্বর, ২০২৬ at ১১:০৪ পূর্বাহ্ণ

দুই দলের শক্তিসামর্থ্য আর সামপ্রতিক বাস্তবতায় বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ ছিল পাহাড়সম। সেই চ্যালেঞ্জ জয়ের কোনো তাড়না বা স্কিল, কিছুই দেখা গেল না শরীরী ভাষা কিংবা পারফরম্যান্সে। বরং অসহায় আত্মসমপৃণই মেনে নিল নিগার সুলতানার দল। ব্যাটেবলে আরও একটি দাপুটে জয়ে সোনার পদক ধরে রাখার শেষ ধাপে পৌঁছে গেল ভারত। এশিয়ান গেমসের নারী ক্রিকেটের সেমিফাইনালে বাংলাদেশকে ১১৪ রানে গুঁড়িয়ে এগিয়ে গেল ভারত। টিটোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে ভারতের সবচেয়ে বড় ব্যবধানের জয় এটি। আগের সবচেয়ে বড় জয়টি ছিল ৭৯ রানে। সখবর বিডিনিউজের।

দিন দশেক আগে এশিয়া কাপ ক্রিকেটের সেমিফাইনালেও বাংলাদেশকে সহজে হারিয়েছিল ভারত। সেদিন ঝড়ো ফিফটিতে ম্যাচসেরা হওয়া শেফালি ভার্মা এবার নিজেকে ছাড়িয়ে যান আরও। ব্যাটিং তাণ্ডবে প্রথম টিটোয়েন্টি সেঞ্চুরি করেন তিনি ৪৯ বলে। বাংলাদেশের আশা পিষ্ট হয়ে যায় সেখানেই। ফাইনালে মঙ্গলবার ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। গত এশিয়ান গেমসেও লঙ্কানদের হারিয়ে সোনা জিতেছিল হারমানপ্রিত কৌরের দল। একই দিনে ব্রোঞ্জের লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। গত আসরে এই দলকে হারিয়ে তৃতীয় হয়েছিলেন নিগারনাহিদারা। গতকাল দ্বিতীয় সেমিফাইনালে ভারত ২০ ওভারে তোলে ৪ উইকেটে ১৯৫ রান। ৪৯ বলে ১০০ রানে অপরাজিত থাকেন শেফালি। ২২ বছর বয়সী ক্রিকেটারের আন্তর্জাতিক টিটোয়েন্টিতে পঞ্চাশ ছোঁয়া ইনিংস হয়ে গেল ২২টি। এই ব্যাটার এ দিন ছয় মারেন ৯টি। নারী টিটোয়েন্টিতে যা দ্বিতীয় সর্বোচ্চ। তার সঙ্গে ঝড়ো উদ্বোধনী জুটি গড়া স্মৃতি মান্ধানার জন্যও ম্যাচটি হয়ে থাকবে স্মরণীয়। আন্তর্জাতিক টিটোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড নিজের করে নিয়েছেন স্টাইলিশ এই ব্যাটার। রান তাড়ায় অনুমিতভাবেই লড়াই জমাতে পারেনি বাংলাদেশ। আরও একবার হতশ্রী ব্যাটিংয়ে গুটিয়ে গেছে তারা ৮১ রানেই। কোরোগি স্পোর্টস পার্কে ভারত ব্যাটিংয়ে নামে টস জিতে। দুইশ ছুঁইছুঁই রান তাড়া করতে নেমে বাংলাদেশের ব্যাটিংয়ে দেখা যায়নি লড়াইয়ের ছাপও। ওপেনার জুয়ায়রিয়া ফেরদৌস আলগা শটে ফেরেন প্রথম বলেই। সোবহানা মোস্তারি (৭ বলে ৪) ও নিগার সুলতানা (৯ বলে ৯) পারেননি বেশিক্ষণ টিকতে। ওপেনিংয়ে দিলারা আক্তার ভালো কয়েকটি শট খেলেন। চারটি চার ও একটি ছক্কা আসে তার ব্যাট থেকে। তবে স্পিন আক্রমণে আসতেই আটকে যান তিনি। ২৩ বলে ২৭ করে আউট হন দীপ্তি শার্মার অফ স্পিনে। তিনি ছাড়া দুঅঙ্ক স্পর্শ করতে পারেন কেবল ছয়ে নামা শারমিন আক্তার (২০ বলে ১০) ও লোয়ার অর্ডারে সুলতানা (৮ বলে ১২*)। ভারতের কাছে এই নিয়ে টানা ১০ টিটোয়েন্টি হারল বাংলাদেশ। সবশেষ জয়টি ২০২৩ সালের জুলাইয়ে মিরপুরে। দুই দলের ২৬ ম্যাচে বাংলাদেশ জিতেছে স্রেফ তিনটিতে। ব্রোঞ্জের আশা অবশ্য করাই যায়। পাকিস্তানের বিপক্ষে সবশেষ পাঁচ টিটোয়েন্টির চারটি জিতেছে বাংলাদেশ।

পূর্ববর্তী নিবন্ধউপজেলা প্রশাসন সীতাকুণ্ডের মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে উদীয়মান ক্রিকেটার বাছাই ক্যাম্পে জাতীয় ক্রিকেটার তুষার ইমরান