বাঁশখালীর ক্রিকেট ইতিহাসে যোগ হলো আরও একটি স্মরণীয় অধ্যায়। চট্টগ্রামের ঐতিহ্যবাহী ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বাঁশখালী ক্রিকেট একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে উদীয়মান ক্রিকেটারদের বাছাই ক্যাম্প। ক্যাম্পে নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক তারকা ক্রিকেটার ও সেরাজ ফোর এইচ স্পোর্টস একাডেমির প্রধান কোচ তুষার ইমরান। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে বাঁশখালী ডিগ্রি কলেজ মাঠে বাঁশখালী ক্রিকেট একাডেমির সহযোগিতায় এবং সেরাজ ফোর এইচ স্পোর্টস একাডেমির উদ্যোগে এ বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে বাঁশখালী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক উদীয়মান ক্রিকেটার অংশগ্রহণ করে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিংসহ ক্রিকেটীয় দক্ষতার বিভিন্ন দিক পর্যবেক্ষণ ও মূল্যায়নের মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্য থেকে প্রতিভাবান ক্রিকেটারদের বাছাই করা হয়। বাছাই কার্যক্রমে নেতৃত্ব দেন তুষার ইমরান। এ সময় তিনি তরুণ ক্রিকেটারদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন এবং তাদের ক্রিকেটীয় দক্ষতা পর্যবেক্ষণ করেন। জাতীয় দলের সাবেক একজন তারকা ক্রিকেটারের সরাসরি তত্ত্বাবধানে ক্যাম্পে অংশ নেওয়ার সুযোগ পেয়ে উদীয়মান ক্রিকেটারদের মধ্যে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা দেখা যায়। ক্যাম্পে উপস্থিত ছিলেন সেরাজ ফোর এইচ স্পোর্টস একাডেমির কোচ এনামুল হক, সহকারী কোচ আব্দুল মুমিন মিনহাজ, ব্যাটিং কোচ রেজাউল রাজীব, ট্রেইনার ও পেস বোলিং কোচ মুনিরুজ্জামান, বোলিং কোচ কিশোর দত্ত মানু এবং ব্যক্তিগত সহকারী আবু সুফিয়ান লিটন। প্রেস বিজ্ঞপ্তি।













