চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট–২০২৬’ শুরু হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর আয়োজনে ও চবি শারীরিক শিক্ষা বিভাগের ব্যবস্থাপনায় এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
গতকাল রোববার বিকেল ৪টায় চবি কেন্দ্রীয় খেলার মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও চাকসুর সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আল্–ফোরকান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্রীড়া উপদেষ্টা কমিটির সভাপতি ও চবি উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম এবং শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মো. হাবিবুর রহমান জালাল।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্–ফোরকান সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, জুলাইয়ের গণআন্দোলনে আত্মত্যাগকারী শহীদদের স্মৃতি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের আত্মত্যাগকে স্মরণ করার পাশাপাশি তরুণ প্রজন্মকে সুস্থ, সৃজনশীল ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার অন্যতম মাধ্যম হতে পারে খেলাধুলা। তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা এবং একটি সুস্থ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ খেলাধুলার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। আমরা চাই, আমাদের শিক্ষার্থীরা নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করুক এবং মাদক ও অন্যান্য নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থাকুক। উপাচার্য অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
বিশেষ অতিথির বক্তব্যে চবি উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম বলেন, ফুটবল বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি খেলা। খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; একটি সুস্থ মন, সুস্থ দেহ ও ইতিবাচক মানসিকতা গঠনে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ করে বিশ্ববিদ্যালয় পর্যায়ে একাডেমিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে খেলাধুলা শিক্ষার্থীদের ব্যক্তিত্ব ও নেতৃত্বের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ টুর্নামেন্ট শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার পাশাপাশি পারস্পরিক সমপ্রীতি, সৌহার্দ্য ও ক্রীড়াসুলভ মানসিকতা গড়ে তুলবে এটাই আমাদের প্রত্যাশা। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের হেড অব সেলস মো. মাকসুদুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন চবি প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী, ছাত্র–ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন, শহীদ ফরহাদ হোসেন হলের প্রভোস্ট প্রফেসর ড. এইচ.এস. ফারুক আলম, সহকারী প্রক্টর প্রফেসর ড. মো. কামরুল হোসেন ও চাকসুর খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শাওন, চাকসুর অন্যান্য প্রতিনিধিবৃন্দ, হলের আবাসিক শিক্ষকবৃন্দ, শারীরিক শিক্ষা বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের প্রতিনিধিবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী প্রক্টর মো. খাইরুল ইসলাম। টুর্নামেন্টটিতে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস।













