সেবা প্রদানের ক্ষেত্রে নজির স্থাপন করলেন সীতাকুণ্ড উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা বাবলু দাশ। পেনশন–সংক্রান্ত একজন বৃদ্ধা সেবাগ্রহীতার বাসায় গিয়ে সেবা দিয়ে এসে তিনি এলাকায় প্রশংসিত হয়েছেন। পেনশন নিয়ে মানুষের ভোগান্তিসহ সরকারি সেবা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে চলে আসা প্রথা ভেঙে তিনি এই নজির স্থাপন করলেন। সীতাকুণ্ডের বক্ষব্যাধি হাসপাতালের এক চিকিৎসকের মা আফসারা বেগমকে পেনশন–সংক্রান্ত সেবা দিতে অফিস সময়ের পরে তিনি যান সেই সেবা গ্রহীতার গৃহে। আফসারা বেগমের প্যারালাইজড। তিনি হাঁটাচলা করতে পারেন না। শারীরিক অক্ষমতার কারণে কোনোভাবেই তাকে হিসাব রক্ষণ কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না। উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা বিষয়টি জানতে পেরে উক্ত সেবাগ্রহীতার দক্ষিণ মহাদেবপুরের মৌলভী পাড়ার বাসায় যান এবং পেনশন–সংক্রান্ত সেবা প্রদান করেন। উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা বাবলু দাশ জানান, এভাবে সেবা প্রদান করতে পেরে তিনি খুশি। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনাও রয়েছে। রয়েছে বিবেকের তাড়না। তাই তিনি উক্ত সেবাগ্রহীতার বাসায় গিয়ে অনলাইনে যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেছেন। বিশেষ প্রয়োজনে ভবিষ্যতেও তিনি এই ধরনের সেবা প্রদান করতে চান।












