ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে যত্রতত্র এক্সকেভেটর ও এর বিভিন্ন যন্ত্রাংশ রেখে যান চলাচলে বিঘ্ন ঘটানোর দায়ে চার ব্যক্তিকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার সলিমপুর ইউনিয়নের দক্ষিণ সলিমপুর ফকিরহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেওয়া হয়। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির সদস্যরা।
আদালত সূত্র জানায়, সড়ক পরিবহন আইন ২০১৮–এর সংশ্লিষ্ট ধারায় চারজনকে এই জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন নুরুল আবছার (১০ হাজার টাকা), জাহিদুল আলম (১৫ হাজার টাকা), সাদ্দাম হোসেন (৩০ হাজার টাকা) এবং ইলাহী সুমন (১৫ হাজার টাকা)। নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন বলেন, কোনোভাবেই মহাসড়কে অবৈধ জিনিসপত্র রেখে পথচারী ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটানো যাবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।












