সীতাকুণ্ড পৌর সদর বাজারের চারটি ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ মজুদসহ বিভিন্ন অনিয়মের দায়ে মোট ৭৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা প্রশাসন ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।
জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হলো, আয়াত ফার্মেসি (১৫ হাজার টাকা), জোসনা ফার্মেসি (৩০ হাজার টাকা), ফারুক ফার্মেসি (৩ হাজার টাকা) এবং নুহাস ফার্মেসি (২৫ হাজার টাকা)। জরিমানার অর্থ ডিজিটাল ক্যাশ রেজিস্টারের (ডিসিআর) মাধ্যমে আদায় করা হয়। জানা গেছে, অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও মজুদ, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি, মেয়াদোত্তীর্ণ ড্রাগ লাইসেন্স, ফার্মাসিস্ট লাইসেন্স না থাকা এবং নিবন্ধিত চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া ওটিসিভুক্ত নয় এমন ওষুধ বিক্রিসহ বিভিন্ন অপরাধে ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩–এর সংশ্লিষ্ট ধারায় চারটি ফার্মেসিকে জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলাম। এ সময় ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তাসহ সীতাকুণ্ড থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।












