সীতাকুণ্ডে লরির ধাক্কায় নূরুল হুদা ভূঁইয়া (৪৪) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাত আটটার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে পৌরসভার ইদিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নূরুল হুদা পাশের মীরসরাই উপজেলার মসজিদিয়া এলাকার মৃত মো. শফিউল্লাহ ভূঁইয়ার ছেলে। তিনি স্টেশনারি ও মুদি ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ইদিলপুর এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন নূরুল হুদা। এ সময় একটি লরি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে পুলিশ ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের বড় ভাই মো. নূরুল মোস্তফা জানান, তারা মীরসরাই থেকে একসঙ্গে সীতাকুণ্ডে একটি পারিবারিক বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে এসেছিলেন। অনুষ্ঠান শেষে ছোট ভাই নূরুল হুদা আগেই বাড়ির উদ্দেশে রওনা হন। দীর্ঘ সময় ফোনে যোগাযোগের চেষ্টা করেও তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যরা তার মৃত্যুর বিষয়টি জানতে পারেন।
কুমিরা হাইওয়ে থানার এসআই জিয়া উদ্দিন ভূঁইয়া জানান, নিহত ব্যক্তির মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অজ্ঞাত গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা হয়েছে।












