ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে সড়ক ও জনপথের গাছ কেটে রোডে ব্যারিকেড দেয়ার ঘটনায় অজ্ঞাতনামা অন্তত ৭০–৮০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার সকালে সীতাকুণ্ড মডেল থানায় সরকার বাদী হয়ে এ মামলাটি দায়ের করা হয়। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে এরই মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, গত মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ বিএনপি নেতা লায়ন আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না এমন রায় ঘোষণার পর সীতাকুণ্ডের বিভিন্ন স্পটে অবস্থান করে সড়কে ব্যারিকেড সৃষ্টি করে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। এতে করে এদিন দুপুর আড়াইটা থেকে বিকেল আনুমানিক ৫টা পর্যন্ত চট্টগ্রামের সিটি গেইট থেকে বড় দারোগার হাট পর্যন্ত প্রায় ৪০–৪৫ কিমি যান চলাচল সম্পূর্ণরুপে বন্ধ হয়ে যায় এবং ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। পরে বিক্ষোভকারীরা সড়কের বিভিন্ন স্পটে গাছের গুড়ি ফেলে ও সড়কের পাশে থাকা গাছ কেটে ব্যারিকেড সৃষ্টি করে এবং বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে। ফলে মহাসড়কে আটকা পড়ে হাজার হাজার পণ্যবাহী ও যাত্রীবাহীসহ বিভিন্ন যানবাহন। এভাবে মহাসড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা ও গাছ কাটার অপরাধে অজ্ঞাত ৭০–৮০ জনের বিরুদ্ধে সরকার বাদী মামলা হয়েছে বলে জানান সীতাকুণ্ড মডেল থানা অফিসার ইনচার্জ মো. মহিনুল ইসলাম। তিনি বলেন, গাছ কাটায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত অন্যদের তদন্ত করে গ্রেপ্তার করা হবে। অভিযান চলমান রয়েছে।











