চট্টগ্রামে গতকাল বৃহস্পতিবার নতুন করে আরও ১২৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি–বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৯২২ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৮ জনের।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি সেপ্টেম্বরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৮৬ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ১৩ জনের।
সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১২৭ জনের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ৩৭ জন, ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে ১৪ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১৭ জন, সিএমএইচ হাসপাতালে ৬ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে ৩৬ জন চিকিৎসাধীন আছেন।
এদিকে আমাদের সীতাকুণ্ড প্রতিনিধি জানান, উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে লামিয়া আক্তার নামে চার বছরের এক শিশু ডেঙ্গুতে মারা গেছে। গত ১৬ দিনে এ নিয়ে সীতাকুণ্ডে ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু হলো।
শিশু লামিয়া সোনাইছড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বার আউলিয়া এলাকার ভূঁইয়া বাড়ির মৃত মো. ইমনের মেয়ে। পরিবার সূত্রে জানা গেছে, লামিয়া চার দিন ধরে জ্বরে আক্রান্ত ছিল। শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার তাকে ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান শিশুটির নিকটাত্মীয় মোহাম্মদ জিসান।











