সিলেটে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ

পুলিশ বলছে হামলার ঘটনাটি মিথ্যা

| শনিবার , ১ আগস্ট, ২০২৬ at ৬:৪০ পূর্বাহ্ণ

সিলেটের জৈন্তাপুরে ‘জুলাই পদযাত্রা’ শেষ করে সিলেটে শহরে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টিএনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী গাড়িতে হামলার অভিযোগ ওঠেছে। তবে পুলিশ দাবি করেছে, হামলার কোনো ঘটনা ঘটেনি। গতকাল শুক্রবার রাত পৌনে ১১টার দিকে হামলার ঘটনা ঘটে বলে এনসিপি সিলেট জেলা সদস্য সচিব প্রকৌশলী কামরুল আরিফ জানিয়েছেন।

তিনি বলেন, আমরা হরিপুর বাজার থেকে প্রোগ্রাম শেষ করে সিলেটে ফেরার পথে হামলার ঘটনাটি ঘটেছে। হরিপুর থেকে গাড়ি ছাড়ার ১৫ মিনিট পর সিলেট শহরে প্রবেশ করার আগে হামলাটি হয়। বর্তমানে আমরা সুরমা গেইটে আছি। খবর বিডিনিউজের।

গত বৃহস্পতিবার দুপুরের দিকে সিলেটের গোলাপগঞ্জে এনসিপি নেতা সারজিস আলমের গাড়িবহরে হামলাভাঙচুরের ঘটনা ঘটেছিল।

এদিকে নিজের ফেসবুকে নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, সিলেটে আবারও গাড়িতে হামলা। গাড়ির কাঁচ ভেঙে দুজনকে রক্তাক্ত করা হয়েছে।

ফেইসবুকে দেওয়া একটি ভিডিওতে দেখা যায়, নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ির গ্লাস ভাঙা। ভেতরে বসে থাকা ব্যক্তির হাতের আঙ্গুলে রক্ত।

তবে জৈন্তাপুর থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা বলেন, জৈন্তাপুরে কোনো হামলার ঘটনা ঘটেনি। প্রোগ্রাম শেষে আমি নিজে জৈন্তা গেইট পর্যন্ত দিয়ে এসেছি। প্রচুর বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাট ফাঁকা ছিল। হামলার ঘটনাটি মিথ্যা।

হামলার বিষয়ে শাহপরাণ থানার ওসি খন্দকার মো. মোস্তাফিজুর রহমান বলেন, এনসিপির গাড়িবহরে কোনো হামলার ঘটনা ঘটেনি।

পূর্ববর্তী নিবন্ধওয়াসার পানিতে ময়লা ও দুর্গন্ধ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে আরো ১৩ শিশুর হাম শনাক্ত