সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

শুল্কমুক্ত মদ অবৈধ গুদামে

| শনিবার , ৩ অক্টোবর, ২০২৬ at ৫:৩৭ পূর্বাহ্ণ

বন্ড সুবিধায় আমদানি করা শুল্কমুক্ত মদ অননুমোদিত দুই গুদামে মজুত রাখার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের দুটি বৈধসহ চারটি গুদাম সিলগালা করা হয়েছে। গত বৃহস্পতিবার গভীররাতে দক্ষিণ গুলশানের বন্ডেড ওয়্যারহাউজ টস বন্ড প্রাইভেট লিমিটেডে এক যৌথ অভিযানে সেসব সিলগালা করা হয় বলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) এ অভিযান পরিচালনা করে। প্রাথমিকভাবে গুরুতর অসংগতি পাওয়ায় অধিকতর যাচাইয়ের জন্য ওয়্যারহাউজগুলো সিলগালা করা হয়েছে। খবর বিডিনিউজের।

শুল্ক গোয়েন্দার এক কর্মকর্তা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা থেকে সাড়ে চারটা পর্যন্ত এ অভিযান চলে। এনবিআর বলছে, কোম্পানিটির অনুমোদিত বা ঘোষিত গুদামের সংখ্যা দুটি। কিন্তু অভিযানে দেখা গেছে– সেখানে মোট চারটি গুদামে পণ্য মজুত রেখেছে।

সংস্থাটির কর্মকর্তারা বলছেন, বন্ড সুবিধায় আমদানি করা শুল্কমুক্ত পণ্য অননুমোদিত গুদামে স্থানান্তর বা অপসারণ রোধ এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রতিষ্ঠানটির চারটি গুদামই সিলগালা করা হয়েছে। তদন্ত ও বিস্তারিত যাচাই কার্যক্রম চলমান রয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যৌথ অভিযানে কোম্পানিটির আমদানি করা মদ ও বিয়ারের মজুত আর হিসাব ব্যবস্থাপনার মধ্যে একাধিক অনিয়ম শনাক্ত হয়েছে। পরে কাস্টমস কর্তৃপক্ষ তাদের আইন অনুযায়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপস্থিতিতে কোম্পানিটির গুদাম সিলগালা করে।

কর্মকর্তারা অভিযান পরিচালনাকালে কোম্পানি রেজিস্টার, এনবিআর অনুমোদিত সফটওয়্যার এবং গুদামে মজুত পণ্যের তথ্য যাচাই করেন। এ সময় সফটওয়্যারে দেখা যায়, গুদামে এমন পণ্যও মিলেছে, যেগুলোকে ইতোমধ্যে এঙবন্ড বা খালাস দেখানো হয়েছে। এর মধ্যে আছে ১৪৪ ক্যান বিয়ার, ১২ বোতল হুইস্কি ও ছয় বোতল নেমিরফ (ভদকা)। এসব পণ্য অবৈধভাবে বাইরে বিক্রির জন্য রাখা হয়েছিল বলে ধারণা অভিযান পরিচালনাকারীদের।

পূর্ববর্তী নিবন্ধবন্দর রক্ষা কমিটির কর্মসূচিতে স্কপের সমর্থন
পরবর্তী নিবন্ধআগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ