সার্ক পুনরুজ্জীবিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ

| বুধবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ at ৯:০৮ পূর্বাহ্ণ

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) প্রক্রিয়াকে পুনরুজ্জীবিত করার বিষয়ে বাংলাদেশের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিনি এ লক্ষ্যে সক্রিয় উদ্যোগ নিতে বাংলাদেশের প্রস্তুতির কথাও জানান।

গতকাল মঙ্গলবার সার্ক মহাসচিব মো. গোলাম সারওয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ আশ্বাস দেওয়া হয় বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। খবর বাসসের।

সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী সার্ক সনদে অন্তর্ভুক্ত সদস্য রাষ্ট্রগুলোর সার্বভৌম সমতা, ভৌগোলিক অখণ্ডতা, রাজনৈতিক স্বাধীনতা, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক স্বার্থে সহযোগিতা নীতিমালার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি স্মরণ করিয়ে দেন যে, দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতার ধারণাটি প্রথম বাংলাদেশই উত্থাপন করে। ১৯৮০এর দশকের শুরুতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ উদ্যোগ গ্রহণ করেন, যার লক্ষ্য ছিল জনগণের কল্যাণ সাধন, জীবনমান উন্নয়ন এবং আঞ্চলিক সমষ্টিগত আত্মনির্ভরশীলতা জোরদার করা।

সার্কের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য দেশ হিসেবে ১৯৮৫ সালের ডিসেম্বরে প্রথম সার্ক শীর্ষ সম্মেলনের আয়োজক হিসেবে, পরবর্তীতে ১৯৯৩ ও ২০০৫ সালেও এ সম্মেলনের আয়োজক বাংলাদেশ। আঞ্চলিক অভিন্ন মূল্যবোধ জোরদার এবং বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, দারিদ্র্য বিমোচন, বিদ্যুৎ, জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা, শিক্ষা, জনস্বাস্থ্য, সংস্কৃতি ও জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বৃদ্ধিতে সার্কের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী।

পূর্ববর্তী নিবন্ধপ্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি, ফের দায়িত্বে সরওয়ার আলম
পরবর্তী নিবন্ধনকল সফট ড্রিংক ও নুডলস উৎপাদন রাউজানে কারখানা সিলগালা, আটক ৫