সারি সারি আমনের ক্ষুদে চারা মাঠময় শোভা পাচ্ছে এখন মীরসরাইয়ের জনপদের সর্বত্র। ভাদ্রের কড়া নাড়া এই শ্রাবণ ধারায় এবার ও মীরসরাইয়ের কৃষকরা ব্যস্ত রোপা আমন নিয়ে। উপজেলার বিভিন্ন মাঠে ঘাটে কৃষকরা এখন সারি সারি সবুজের লাইন দোল খাচ্ছে । প্রকৃতির হাসি যেন ধানের সবুজ ডগায়। আশা করা যাচ্ছে লক্ষমাত্রা অর্জন সহ ভাল ফলন হবে এবারও।
এবার বর্ষার শুরুতেই অতি বর্ষণে যেভাবে ঝুকির মুখে ছিল কৃষকরা তা কাটিয়ে এখন বেশ মনোরম পরিবেশ নিয়ে এবার রোপা আমনে ব্যস্ত কৃষকরা। খৈয়াছরা গ্রামের কৃষক নুরুজামান (৫৬) বলেন, আষাঢ় থেকে টানা বৃষ্টি শুরু হবার পর কৃষকদের মুখে দুশ্চিন্তা ছিল অনেক। সেই ভয় কেটে হাসি ফুটে উঠেছে সকলের মনে। গত কয়েকদিন ধরে কৃষকরা সবাই দিনভর মাঠে। কেউ বীজতলা থেকে চারা তুলছে, কেউ জমিতে নাঙ্গল–গরু বা মেশিনের নাঙ্গল নিয়ে ব্যস্ত। দুর্গাপুর গ্রামের কৃষক আমিনুর রহমান বলেন ইতিমধ্যে ১২ গন্ডা জমিতে চারা রোপণ করে ফেলেছি। আশা করছি আর কয়েকদিনের মধ্যে সব জমি শেষ হয়ে যাবে। খৈয়াছরার কৃষক হামিদুর রহমান বলেন, ৩ কানি জমির দেড়কানিই রেডি করে চারা ও লাগিয়ে ফেলেছি। বাকি দেড়কানি দুদিনের মধ্যেই হয়ে যাবে। মীরসরাই উপজেলা কৃষি সুপারভাইজার কাজী নুরুল আলম বলেন, এবার উপজেলায় আমনে ১৯ হাজার ৮ শত হেক্টর লক্ষমাত্রা। ইতিমধ্যে ১০ হাজার হেক্টর রোপা আমন লাগানো হয়ে গেছে। আশা করা যাচ্ছে আগামী সপ্তাহের মধ্যেই লক্ষ্যমাত্রা পূরণ হয়ে যাবে। উপজেলায় এবার ৭ হাজার কৃষক আমন চাষ করছে বলে জানান।
মীরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, ভাল আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অনেক চাষীদের বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও আগাছা দমন সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া অনেক কৃষককে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে কিন্তু প্রাকৃতিক বৈরিতার জন্য উদ্বিগ্ন ছিলাম। এখন আশা করছি লক্ষমাত্রা পূরন করা সম্ভব প্রাকৃতিক এই আনুকূল্যে।












