বর্ষা আসার সঙ্গে সঙ্গে দেশে ডেঙ্গুর প্রকোপ আবার বাড়তে শুরু করেছে। মশাবাহিত এই রোগটিতে আক্রান্ত হয়ে গত একদিনে কেউ মারা না গেলেও ২৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৭ হাজার ১১০ জন; এর মধ্যে ৬১ দশমিক পাঁচ শতাংশ পুরুষ ও ৩৮ দশমিক পাঁচ শতাংশ নারী। এই বছর ১৯ জনের মৃত্যু হয়েছে। খবর বিডিনিউজের।
গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, গত একদিনে (রোববার সকাল ৮টা থেকে সোমবার একই সময়) ডেঙ্গু নিয়ে ঢাকা উত্তর সিটির হাসপাতালে ২৩ ও দক্ষিণ সিটির হাসপাতালে ২৫ জন ভর্তি হয়েছেন। এ দুই সিটির বাইরে ঢাকা বিভাগে ৩৭ জন, বরিশাল বিভাগে ৪৭ জন, চট্টগ্রাম বিভাগে ৩০ জন, খুলনা বিভাগে ৫৭ জন, ময়মনসিংহে ২, রাজশাহী ১৪, সিলেটে ৪ জন হাসপাতালে ভর্তি হন। এই সময়ে ১৩৩ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন মোট ৬ হাজার ৫৩৭ জন।












