সাভারে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ পরবর্তী সমাবেশে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন। গতকাল সোমবার রাত পৌনে ১০টায় সাভারের তারাপুর ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে এ বিস্ফোরণ ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এ সময় মঞ্চে এনসিপি আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা নাহিদ ইসলাম, এনসিপি সদস্যসচিব সংসদ সদস্য আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা বলেন, এনসিপি ঢাকা জেলার আয়োজনে গতকাল সোমবার রাতে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জুলাই পদযাত্রা অনুষ্ঠান ও সমাবেশের আয়োজন করা হয়। এনসিপির ঢাকা জেলা কমিটির আহ্বায়ক নাবিলা তাসনিমের বক্তব্য চলাকালীন সময়ে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিনজন আহত হয়েছেন। খবর বিডিনিউজের।
বিস্ফোরণের পর পরই এনসিপি নেতাকর্মী–সমর্থক এবং মঞ্চের সামনে থাকা লোকজন আতঙ্কে ছত্রভঙ্গ হয়ে পড়েন। তারা এদিক–ওদিক ছোটাছুটি শুরু করেন। ঘটনাস্থলে থাকা এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য ইয়াসির আরাফাত সাংবাদিকদের বলেন, আহত তিনজন হলেন– শাহীন খন্দকার (৩০), জসীম উদ্দিন (২৬) এবং মোহাম্মদ শাহাদাত হোসেন (৪০)। এদের মধ্যে গুরুতর আহত এনসিপি কর্মী শাহীন খন্দকারকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের পর নেতাকর্মীরা আবার একত্রিত হন। তখন তারা নাহিদ ইসলামের নেতৃত্বে প্রশাসনের উপস্থিতিতে হামলার বিচার দাবিতে মিছিল নিয়ে সাভার মডেল থানা সামনে গিয়ে জড়ো হন। পরে সেখান থেকে নাহিদ ইসলাম ও এনসিপি নেতাকর্মীরা হাসপাতালে যান আহতদের দেখতে। এ ব্যাপারে জানতে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদের মোবাইলে ফোন করলেও তিনি ধরেননি।












