সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নাওয়াজ মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাতে ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড) তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু বলেন, রাত ১০টা ২৭ মিনিটে তিনি মারা যান। দীর্ঘদিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। খবর বিডিনিউজের।
কোথায় কখন দাফন এবং জানাজা হবে, তা আজ বুধবার দুপুরের পর সিদ্ধান্ত হবে বলেও জানান টিপু। ২০১৯ সালে স্ট্রোক করেন তৌফিক নেওয়াজ। গত ২৭ মে হুইলচেয়ারে করে কারাবন্দী স্ত্রীর সঙ্গে দেখা করাতে তাকে আদালতে নিয়ে গিয়েছিলেন স্বজনেরা। পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন তৌফিক নাওয়াজ, যিনি ধ্রুপদি সংগীতের চর্চাও করতেন। জুলাই অভ্যুত্থানের সময়কার একাধিক মামলার আসামি হয়ে বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি আছেন দীপু মনি।












