সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ২ ফ্ল্যাটে রিসিভার প্রবেশের অনুমতি

| বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ at ৬:০৯ পূর্বাহ্ণ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের দু’টি তালাবন্ধ ফ্ল্যাটে রিসিভারের প্রবেশ ও ফ্ল্যাটে রক্ষিত মালামাল ইনভেন্টরি করার জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ প্রদানের আদেশ দিয়েছেন আদালত। গতকাল ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর মামলায় দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। খবর বাসসের।

আবেদনে বলা হয়েছে, গত ১২ জানুয়ারি আদালতের আদেশে সাইফুজ্জামান চৌধুরীর গুলশানে দু’টি ফ্ল্যাট সঠিক নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা, তদারকি এবং রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার হিসেবে পরিচালক (সম্পদ ব্যবস্থাপনা ইউনিট), দুর্নীতি দমন কমিশনকে নিয়োগ প্রদান করা হয়েছে। ফ্ল্যাট দু’টি তালাবদ্ধ থাকায় ভাড়া উপযোগী করাসহ রিসিভারের কার্যক্রম গ্রহণ করা সম্ভব হয়নি মর্মে উক্ত ইউনিট হতে সরেজমিন পরিদর্শন করে জানানো হয়েছে। ফ্ল্যাট দু’টি রিসিভারের দখলে নেওয়া এবং অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির অনুপস্থিতিকালে বিনা বাধায় উক্ত ফ্ল্যাটে রিসিভারের প্রবেশ এবং মালামালের ইনভেন্টরি করার জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা প্রয়োজন।

পূর্ববর্তী নিবন্ধঔষধ প্রশাসনের অনুমতি ছাড়া ‘সাপ্লিমেন্ট’ আমদানির এলসি খুলতে পারবে না ব্যাংক
পরবর্তী নিবন্ধআইসিইউতে শিশুর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকদের ওপর হামলা