মা, পরিবার এবং প্রিয় বিড়ালের প্রতি ভালোবাসার গল্পে ওটিটিতে আসছে ওয়েব ফিল্ম ‘মিউ’। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে প্রচার হবে সিনেমাটি। বিজ্ঞপ্তিতে চরকি জানিয়েছে, আগামী ৫ মার্চ থেকে চরকিতে দেখা যাবে সিনেমাটি। খবর বিডিনিউজের।
‘মিউ’ পরিচালনা করেছেন আতিক জামান। সিনেমাটি নিয়ে নির্মাতার ভাষ্য, এটি মূলত একটি পরিবারের গল্প, এখানে পোষা প্রাণীর উপস্থিতি গল্পকে দিয়েছে আলাদা মাত্রা। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া আয়মান, আফসানা মিমি, আফজাল হোসেন, ইশতিয়াক আহমেদ রচমেল, রাকিব হোসেন ইভন, আজিজুল হাকিম, কাব্যকথা প্রতীতি, তামান্না হক বর্ণা।
গল্পে আজিজুল হাকিম ও আফসানা মিমি অভিনয় করেছেন সাদিয়া ও ইভনের বাবামায়ের চরিত্রে। মা চরিত্রটি নিয়ে আফসানা মিমি রসিকতা করে বলেন, প্রতিটি পরিবারে মা একটি রাজনৈতিক চরিত্র। পরিবার নামের কাঠামোটি অনেকটা রাষ্ট্রের মত, যেখানে মা একজন পরিচালক। এতে অভিনয় করেছেন ইভন।
সিনেমার আরেকটি বিশেষ আকর্ষণ সাদিয়ার বাস্তব জীবনের পোষা বিড়াল ‘আলু’।
এই বিড়ালটিই ‘মিউ’তে অভিনয় করেছে। সাদিয়া বলেন, মিউ আমার জন্য খুবই বিশেষ একটি কাজ। কারণ এখানে শুধু একটি পরিবারের গল্প নয়, পোষা প্রাণীর সঙ্গে মানুষের যে গভীর আবেগের সম্পর্ক সেটাও খুব সুন্দরভাবে উঠে এসেছে।
বিড়ালটি প্রফেশনাল শিল্পীর মত কাজ করেছেন জানিয়ে সাদিয়া বলেন, আমার নিজের পোষা বিড়াল আলু এই সিনেমায় কাজ করেছে। এটা আমার জন্য আলাদা আনন্দের। ‘মিউ’ এর গল্প লিখেছেন মো. আলম ভূঁইয়া, নির্মাতা ও গল্পকার মিলে লিখেছেন চিত্রনাট্য ও সংলাপ।











