সাতকানিয়া উপজেলার দক্ষিণ রূপকানিয়া দানুমার ঘাটে ডলু নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণের দাবিতে গত ৩ জুন জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। এটি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরীফ উদ্দিন গ্রহণ করেন।
স্মারকলিপিতে রয়েছে, সাতকানিয়ার দক্ষিণ রূপকানিয়ার দানুমার ঘাট সাতকানিয়া পৌরসভার সঙ্গে সংযোগের একটি গুরুত্বপূর্ণ পথ। কিন্তু ডলু নদীর ওপর একটি সেতু না থাকায় বছরের পর বছর ধরে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন বাঁশের সাঁকো ব্যবহার করতে হয়। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। তখন স্কুল–কলেজগামী শিক্ষার্থীদের নৌকায় করে নদী পারাপার করতে হয়, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই নদীর ওপর একটি স্থায়ী ব্রিজ নির্মাণ হলে শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে না বরং পৌরসভার সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের মাধ্যমে এলাকার ব্যবসা–বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।
এসময় এলাকাবাসীর পক্ষে সেতু বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ–সভাপতি মো. ইসহাকের নেতৃত্বে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমির আনোয়ারুল আলম চৌধুরী, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আব্দুর রহিম চৌধুরী, নাসির উদ্দিন প্রমূখ। এডিসি শরীফ উদ্দিন স্মারক গ্রহণকালে বলেন, জনস্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সংযোগ সেতুর দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। এর আগে এই বিষয়ে স্থানীয়রা একটি মানববন্ধন কর্মসূচি পালন করে এবং সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসারের নিকটও স্মারকলিপি প্রদান করে। প্রেস বিজ্ঞপ্তি।












