সাতকানিয়ায় পাহাড় কাটার অপরাধে এক ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া অবৈধভাবে গড়ে উঠা অপর এক ভাটায় পানি দিয়ে আগুন নিভিয়ে দেয়া হয়েছে এবং একটি বয়লার মেশিন জব্দ করা হয়। গতকাল রোববার সাতকানিয়া এওচিয়ার ছনখোলা এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের অভিযান চলাকালে এসব জরিমানা আদায় ও ভাটার আগুন নিভিয়ে দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান। এ সময় পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দিন ফয়সালও উপস্থিত ছিলেন।
জানা যায়, ছনখোলা এলাকায় দীর্ঘদিন ধরে কয়েকটি ইটভাটা অবৈধভাবে পরিচালিত হচ্ছিল। কোন ধরনের বৈধ কাগজপত্র বিহীন গড়ে উঠা এসব ভাটার মালিক শুরু থেকে পাহাড় কেটে আসছিল। পাহাড় কাটার খবর পেয়ে সাতকানিয়া উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর অবৈধ ইটভাটায় অভিযানে যান। এসময় বৈধ কাগজপত্র না থাকায় এবং পাহাড় কাটার অপরাধে মেসার্স মা ব্রিকসের মালিক নিবারণ দেবনাথকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় মো. শাহ আলমের মালিকানাধীন মেসার্স খাজা থ্রীর চুল্লিতে ফায়ার সার্ভিসের কর্মীরা পানি নিক্ষেপ করে আগুন নিভিয়ে দেয়। এছাড়া ওই ভাটা থেকে একটি বয়লার মেশিন জব্দ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান জানান, এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।














