সাতকানিয়ার পশ্চিম ঢেমশায় আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আবু তাহের জিন্নাহর বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। এসময় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আবু তাহের জিন্নাহ সহ ৩ জন আহত হয়েছেন। গতকাল রবিবার সন্ধ্যার দিকে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন আবু তাহের জিন্নাহ। তিনি বলেন, ‘আমি সন্ধ্যার দিকে বাড়ির উঠানে বসে এজেন্ট ও কর্মী সমর্থকদের সাথে কথা বলছিলাম। এ সময় শতাধিক লোক এসে আমাকে গালিগালাজ করে।
তখন আমি প্রতিবাদ করলে আমাদের ওপর হামলা
চালায়। এক পর্যায়ে বাড়ির উঠানে থাকা অফিসের চেয়ার টেবিল ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। এ ছাড়াও আমার বসতঘরে ডুকে আসবাবপত্র ও ঘরের কাঁচ ভাঙচুর করে। এ সময় তারা বেশ কয়েক রাউন্ড গুলিও ছোঁড়ে। হামলায় আমার বড় ভাই হুমায়ুন কবির ও আবু কালাম আহত হয়েছেন। তিনি আরো জানান, এখন তারা বিভিন্ন ওয়ার্ডে আমার এজেন্টদের বাড়িতে গিয়ে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দিচ্ছে।’
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ আবদুল জলিল জানান, ‘আবু তাহের জিন্নাহর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।













