পটিয়ার ৩ ইউপির ৪ কেন্দ্রে পুনঃনির্বাচন আজ

পটিয়া প্রতিনিধি | সোমবার , ৭ ফেব্রুয়ারি, ২০২২ at ৭:৩০ পূর্বাহ্ণ

চতুর্থ ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে স্থগিত হওয়া পটিয়ার তিন ইউনিয়নের ৪টি ভোট কেন্দ্রে পুনঃনির্বাচন আজ অনুষ্ঠিত হবে। গত ২৬ ডিসেম্বর ভোটের দিন অনিয়ম ও আইন-শৃঙ্খলায় বিঘ্ন সৃষ্টির কারণে এসব ভোট কেন্দ্রের ফলাফল স্থগিত রাখা হয়। গত বুধবার ইসির উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক আদেশে স্থগিত ভোট কেন্দ্রগুলোর পুনঃনির্বাচন ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। কেন্দ্রগুলো হলো উপজেলার কচুয়াই ইউনিয়নের ২ নং ওয়ার্ডের
সীতাবিধু সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছনহরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ধাউরডেঙ্গা সারদাচরণ উচ্চ বিদ্যালয়, রমেশ-ফনিন্দ্র স্মৃতি পাঠাগার ও জিরি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাঁইদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র।
চট্টগ্রাম সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ভোট কেন্দ্রে অনিয়ম ও বিশৃঙ্খলার কারণে দুটি ভোট কেন্দ্রে নির্বাচন স্থগিত করা হয়। পরে স্বতন্ত্র প্রার্থী আরও তিনটি ভোট কেন্দ্রের বিষয়ে অভিযোগ আনলে নির্বাচন কমিশন তদন্ত করার জন্য আমাকে দায়িত্ব দেন। তদন্ত কার্যক্রম শেষে নির্বাচনের কাজে নিয়োজিত দুটি অংশের বক্তব্য গ্রহণ করা হয়েছে। সবার বক্তব্য গ্রহণ করে ইসির কাছে প্রতিবেদন দাখিল করার পর আইনি আর কোনো জটিলতা না থাকায় ৭ ফেব্রুয়ারি স্থগিত ভোটকেন্দ্রগুলোর পুনঃনির্বাচনের দিন-তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। পটিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আরাফাত আল হোছাইনী বলেন, উপজেলার জিরি, কচুয়াই ও ছনহরা ইউনিয়নের চারটি ভোট কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হবে সোমবার। ছনহরার ঘটনায় ইসির গঠিত তদন্ত দল তদন্ত কার্যক্রম শেষে প্রতিবেদন দাখিল করে। আইনি আর কোনো জটিলতা না থাকায় স্থগিত ভোটকেন্দ্রগুলোর পুনঃনির্বাচন অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় আওয়ামী লীগ প্রার্থীর বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ
পরবর্তী নিবন্ধদলগুলোর কাছে নাম চেয়েছে সার্চ কমিটি, সময় ৪ দিন