মধ্যপ্রাচ্যের সাগরে টানা প্রায় ৯ মাস ধরে টহল দিচ্ছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন। সাধারণত মার্কিন যুদ্ধজাহাজগুলোকে প্রায় ছয় মাসের জন্য মোতায়েন করা হলেও, আব্রাহাম লিংকনের মোতায়েন এরই মধ্যে অনেকটা দীর্ঘ হয়েছে। খবর বাংলানিউজের।
ফলে জাহাজে থাকা প্রায় ৫ হাজার নাবিক ও সেনার মানসিক স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে উদ্বেগে রয়েছেন তাদের পরিবারের সদস্যরা। মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে, গত আট মাসে এই রণতরী থেকে ১০ হাজারের বেশি বার যুদ্ধবিমান উড্ডয়ন করেছে। একই সময়ে জাহাজে থাকা সেনাদের নিয়মিত ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার হুমকি মোকাবিলা করতে হয়েছে। দীর্ঘ সময় ধরে যুদ্ধের উত্তেজনা, নিরবচ্ছিন্ন দায়িত্ব এবং হামলার আশঙ্কার মধ্যে থাকায় নাবিক ও সেনাদের মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব পড়ছে বলে দাবি করেছেন তাদের পরিবারের সদস্যরা।
জাহাজের পুরোনো অবস্থা নিয়েও উদ্বেগ : রণতরীটির এক নাবিকের বাবা জেফারসন কেলি বলেন, এসব যুদ্ধজাহাজ অনেক পুরোনো। এগুলো সচল ও কার্যক্ষম রাখতে নাবিকদের দিনরাত পরিশ্রম করতে হয়। এত দীর্ঘ সময় তাদের সমুদ্রে রেখে দেওয়া কোনোভাবেই ঠিক হয়নি বলে মনে করেন তিনি। জাহাজের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ইতোমধ্যে মার্কিন রাজনীতিকরাও জবাবদিহি দাবি করেছেন। জাহাজে পরিষ্কার পানির সংকট, বাথরুমের সমস্যা এবং নাবিকদের মানসিক চাপের বিষয় উল্লেখ করে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের কাছে চিঠি দিয়েছেন সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল।












