বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী নির্বাচিত হয়েছেন। শনিবার ভোরে এফডিসিতে নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা ফলাফলের এই বিবরণীতে স্বাক্ষর করে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন। খবর বিডিনিউজের।
বিবরণীতে বলা হয়েছে, এবারের নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন ভোট দিয়েছেন। তার মধ্যে চূড়ান্ত গণনায় ৪১৬টি ব্যালট বৈধ এবং ৬৪টি বাতিল বলে গণ্য হয়েছে। নির্বাচনে সভাপতি পদে ২৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শিবা সানু, তার প্রতিদ্বন্দ্বী ফাইটার ও প্রযোজক আরমান পেয়েছেন ১৪৩ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম মুক্তি পেয়েছেন ১৭৯ ভোট। সহ–সভাপতি পদের দুইটি আসনে নির্বাচিত হয়েছেন ডি এ তায়েব ও ইলিয়াস কোবরা। এর মধ্যে ডি এ তায়েব সর্বোচ্চ ২৬০ ভোট এবং ইলিয়াস কোবরা ২১৬ ভোট পেয়ে বিজয়ী হন। তবে এই পদে অভিনেত্রী রোজিনা এবং নূতন ১৫২ ও ২০৪ ভোট পান। সম্পাদকীয় প্যানেলের অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে সহ–সাধারণ সম্পাদক পদে রিনা খানকে পরাজিত করে ২৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সুব্রত। সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান ২৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার বিপরীতে প্রতিদ্বন্দ্বী চুন্ন পেয়েছেন ১৮৩ ভোট।










