সন্দ্বীপ শুধু একটি দ্বীপ নয়, এটি শত শত বছরের ইতিহাস, ঐতিহ্য ও হাজারো মানুষের বসবাসের ঠিকানা। প্রতিদিন জীবনের প্রয়োজনে এই দ্বীপের মানুষকে মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগ করতে হয়। অথচ নৌযান চলাচলে নানা সংকট তাদের নিত্যদিনের ভোগান্তিতে পরিণত হয়েছে। প্রশ্ন জাগে সন্দ্বীপের মানুষের এই কষ্টের দিন শেষ হবে কবে? ২ সেপ্টেম্বর সন্ধ্যা ৬ টায় সন্দ্বীপ থেকে ছেড়ে যাওয়া ফেরি কপোতাক্ষ গুপ্তছড়ার খালের মুখে নাব্যতা সংকটের কারণে আটকে যায়। ফেরিটিতে প্রায় ৩৫০ জন যাত্রী ও ২৬টি যানবাহন ছিল। দীর্ঘ সময় আটকে থাকায় চরম দুর্ভোগে পড়েন যাত্রী, চালক ও পরিবহনসংশ্লিষ্টরা। জরুরি প্রয়োজনে যাতায়াতকারী মানুষদের ভোগান্তি আরও বাড়ে।
সন্দ্বীপবাসীর দাবি, খালের মুখে নিয়মিত নাব্যতা সংকটের স্থায়ী সমাধান করতে হবে। নিরাপদ ও নির্বিঘ্ন নৌযোগাযোগ নিশ্চিত করা এখন আর বিলাসিতা নয়, এটি সন্দ্বীপবাসীর মৌলিক প্রয়োজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানাচ্ছেন দ্বীপবাসী।
সানজিদা আফরিন মেঘলা
সন্দ্বীপ, চট্টগ্রাম।












