সন্দ্বীপে বিএনপি নেতা ওমর ফারুক সুজন মেম্বারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলার স্থানীয় চৌধুরী বাজার এলাকায় সচেতন এলাকাবাসীর উদ্যোগে এ প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ওমর ফারুক সুজন মেম্বার তাঁর বিরুদ্ধে আনীত বিভিন্ন অভিযোগকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন। তিনি বলেন, একটি মহল তাঁর সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এসব অপপ্রচার চালাচ্ছে।
সভায় বক্তব্য রাখেন মাইটভাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, বর্তমান সাংগঠনিক সম্পাদক মো. মনির, মাইটভাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আশরাফ, মাইটভাঙ্গা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. নিজাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ সজীব, মাইটভাঙ্গা ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি মোহাম্মদ আফসার, যুবদল নেতা এম এ মহসীন এবং মাইটভাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মো. নজরুল ইসলাম মিশুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, ওমর ফারুক সুজন মেম্বার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও এ অঞ্চলের জনপ্রিয় রাজনৈতিক নেতা। দীর্ঘদিন ধরে তিনি সাগরে ফিশিং বোটের ব্যবসার সঙ্গে জড়িত। তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে, সেগুলোর কোনো ভিত্তি নেই বলে দাবি করেন বক্তারা।
তাঁরা আরও বলেন, সুজন মেম্বারের রাজনৈতিক ও সামাজিক জনপ্রিয়তা ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এসব অপপ্রচার চালানো হচ্ছে। এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তাঁরা।













