নগরীর কোতোয়ালী থানার কদমতলীতে কাস্টমস কর্মকর্তার ল্যাপটপ ও মোবাইল ছিনতাইয়ের ঘটনায় দুর্ধর্ষ ছিনতাইকারী মো. আনোয়ার হোসেন (৩১) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
এসময় তার কাছ থেকে ছিনতাইকৃত ল্যাপটপটি উদ্ধার করা হয়েছে। গত রবিবার রাত সাড়ে ৯ টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে কদমতলী রেল লাইনগামী পাকা রাস্তা দিয়ে কাস্টমস কর্মকর্তা মো. হাসানুজ্জামান খান বাসায় যাচ্ছিলেন। এসময় ছিনতাইকারীরা জোরপূর্বক তার কাছ থেকে একটি মোবাইল ও একটি ল্যাপটপ ছিনিয়ে নিয়ে যায়। ছিনতাইয়ের ঘটনার পর হাসানুজ্জামান খান কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন।
পরবর্তীতে মামলার তদন্তকারী অফিসার এসআই সাইফুল ইসলাম তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে সদরঘাট থানা এলাকা থেকে ছিনতাইকারী ও একাধিক মামলার আসামি মো. আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে। কোতোয়ালী থানার উপ–পরিদর্শক সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামি আনোয়ার হোসেন একাধিক মামলার আসামি। গ্রেপ্তারের পর তার কাছ থেকে ছিনতাই হওয়া ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে সাপর্দ করা হয়।













