মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে ফার্মিক স্টিল লিমিটেডের কারখানায় ফার্নেসের ত্রুটির কারণে গলিত লোহা ছিটকে পড়ে তিন বাংলাদেশি ও এক চীনা মেকানিকসহ চারজন আহত হয়েছেন। এখানে শতভাগ পরিশোধিত ইস্পাত বা রিফাইন্ড স্টিল উৎপাদন করা হয়। গতকাল সোমবার দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন বাংলাদেশি শ্রমিক মনির, জুয়েল ও সাইফুল এবং চীনা মেকানিক জেংলিং হং।
ফার্মিক স্টিল লিমিটেডের এইচআর অ্যান্ড অ্যাডমিন কর্মকর্তা যুবরাজ জানান, ফার্নেসে ত্রুটির কারণে চুল্লি থেকে গলিত লোহা ছিটকে পড়লে চারজন আহত হন। তাদের দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের সঙ্গে কথা হয়েছে, তারা স্বাভাবিক আছেন।
মীরসরাই অর্থনৈতিক অঞ্চলের পুলিশ ক্যাম্পের ইনচার্জ লুৎফর রহমান জানান, আহতদের দ্রুত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ঘটনার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
অর্থনৈতিক অঞ্চলের শিল্প পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাইসুল ইসলাম জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহতরা বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন। প্রাথমিকভাবে তারা আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানা গেছে।











