শিক্ষাব্যবস্থা জাতীয়করণে সরকারের এক পয়সা অতিরিক্ত খরচ হবে না বলে মন্তব্য করেছেন শিক্ষক নেতারা। শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূর করে সুষম ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে জাতীয় বাজেটে সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী জিডিপির ৫ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দ দেওয়ার দাবি জানানো হয়।
বাংলাদেশ কলেজ–বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)-এর চট্টগ্রাম অঞ্চলের সম্মেলনে তাঁরা এসব কথা বলেন। গতকাল শনিবার চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে সংগঠনের চট্টগ্রাম জেলা শাখার ১২তম, মহানগর শাখার ৭ম এবং চট্টগ্রাম বিভাগীয় শাখার ৩য় ত্রি–বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৯টায় জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে বাকবিশিস সাংস্কৃতিক স্কোয়াডের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। শুরুতে প্রয়াত শিক্ষকদের সম্মানে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মোহাম্মদ নূরুল আফছারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাকবিশিস কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ড. নূর মোহাম্মদ তালুকদার। আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অধ্যাপক রণজিত কুমার দে। বিশেষ অতিথি ছিলেন, বাকবিশিস কেন্দ্রীয় কমিটির সভাপতিমন্ডলীর সদস্য অধ্যাপক উত্তম চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, ঢাকা মহানগর কমিটির সভাপতি অধ্যাপক মিজানুর রহমান মজুমদার, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মো. আকমল হোসেন, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবদুল ওয়াহেদ মিয়া এবং বিটিএ চট্টগ্রাম আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক শিমুল কান্তি মহাজন, অধ্যাপক তড়িৎ কুমার ভট্টাচার্য, উপাধ্যক্ষ বশির উদ্দিন কনক, অধ্যক্ষ আলম আকতার ও অধ্যাপক অসীম চক্রবর্তী প্রমুখ শিক্ষক নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক রঞ্জন বণিক ও মহানগর কমিটির সাধারণ সম্পাদক অসীম চক্রবর্তী।
সম্মেলনের দ্বিতীয় পর্বে সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনে শিক্ষক প্রতিনিধিদের সর্বসম্মতিক্রমে আগামী কার্যমেয়াদের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয় এবং সংগঠনের ভবিষ্যৎ গতিশীলতা রক্ষার্থে বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত গৃহীত হয়। এতে চট্টগ্রাম বিভাগীয় কমিটিতে উপাধ্যক্ষ বশির উদ্দিন কনক সভাপতি, অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক, অধ্যাপক ঋত্বি নন্দী সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। জেলা কমিটিতে অধ্যক্ষ শিমুল বড়ুয়া সভাপতি, অধ্যাপক ভব রঞ্জন বণিক সাধারণ সম্পাদক ও অধ্যাপক সাইফুদ্দিন মোহাম্মদ মোর্শেদ সাংগঠনিক সম্পাদক এবং চট্টগ্রাম মহানগর কমিটিতে অধ্যক্ষ আলম আক্তার সভাপতি, অধ্যাপক অসীম চক্রবর্তী সাধারণ সম্পাদক ও অধ্যাপক লিপি বড়ুয়া সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।












