চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এবারের মাধ্যমিক পরীক্ষায় শতভাগ পাস করেছে ২১ টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত বছর এ সংখ্যা ছিল ৩৩ টি। গতকাল সোমবার সকাল ১০টায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড মিলনায়তনে ফলাফল প্রকাশের সময় এসব তথ্য জানান পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরী। শতভাগ পাস করা বিদ্যালয়গুলো হচ্ছে– চিটাগং ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, সিলভার বেলস গার্লস হাই স্কুল, হাজী মুহাম্মদ মহসিন সরকারি হাই স্কুল, ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ, ফৌজদারহাট ক্যাডেট কলেজ, স্ট্যান্ডার্ড স্কুল এন্ড কলেজ, ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ, রেডিয়েন্ট স্কুল এন্ড কলেজ, সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ, হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, নেভি এ্যাংকরেজ স্কুল এন্ড কলেজ, টেকনো–সিডার ইন্টারন্যাশনাল স্কুল, সেন্ট জেভিয়ার্স স্কুল, গানার্স ইংলিশ স্কুল, পুলকি সহজপাঠ বিদ্যালয়, লিডার্স স্কুল এন্ড কলেজ চট্টগ্রাম, রাঙামাটির লেকার্স পাবিলক স্কুল এন্ড কলেজ, চকরিয়া ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল, রামুর বাঁকখালী হাই স্কুল ও রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ।
চট্টগ্রাম শিক্ষাবোর্ড থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী– শতভাগ পাস করা ২১ টি বিদ্যালয়ের মধ্যে স্ট্যান্ডার্ড স্কুল এন্ড কলেজ থেকে মাত্র একজন শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নিয়েছিল। সেই একজন পাস করায় বিদ্যালয়টিও শতভাগ পাস করা স্কুলের তালিকায় স্থান পেয়েছে। বোর্ডের তথ্য অনুযায়ী, এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ১ হাজার ২১৮টি বিদ্যালয়ের ১ লাখ ৩০ হাজার ২১৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ৭৭ হাজার ৪৫৩ জন। এর মধ্যে শূন্য থেকে ১০ শতাংশ পাস করেছে এমন বিদ্যালয়ের সংখ্যা ১০টি। ১১ থেকে ৫০ শতাংশ পাস করেছে এমন বিদ্যালয়ের সংখ্যা ৪৬৮টি। আর ৫১ থেকে ৯৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে এমন বিদ্যালয়ের সংখ্যা হচ্ছে ৬৯৩টি।












