শঙ্খনদীর প্রবল স্রোতে রাতের অন্ধকারে জ্বালানি কাঠ (লাকড়ি) সংগ্রহ করতে গিয়ে নৌকা থেকে পড়ে আবদুল আলম (৩৬) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। গতকাল ৯ জুলাই (বৃহস্পতিবার) ভোর ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে শঙ্খনদীর কাটগড় বিওসি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ আবদুল আলম সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ৬নং ওয়ার্ড মাইঙ্গাপাড়া এলাকার ভেট্টা মিয়ার ছেলে। পেশায় রিকশাচালক আলমের আবদুল মজিদ (১০) ও আবদুল লতিফ (৮) নামের দুটি মাদ্রাসা পড়ুয়া ছেলে রয়েছে।
নিখোঁজ আবদুল আলমের বড় ভাই নুরুল ইসলাম জানান, আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে স্থানীয় বাসিন্দা মোরশেদ, কাদের ও ফরমান তাঁদের জানান যে, রাতে শঙ্খনদী থেকে কাঠ সংগ্রহ করার জন্য আবদুল আলম তাঁদের সঙ্গে নৌকা নিয়ে নদীতে নেমেছিলেন। কাঠ সংগ্রহের একপর্যায়ে ভোর ৪টার দিকে আবদুল আলম নৌকার গলুই (মাথা) থেকে হঠাৎ নদীতে পড়ে যান এবং প্রবল স্রোতে তলিয়ে যান। সহযাত্রীরা অনেক খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।
স্থানীয় ইউপি সদস্য মোঃ জসীম উদ্দীন জানান, শঙ্খনদীতে কাঠ সংগ্রহ করতে গিয়ে আবদুল আলম নিখোঁজ হওয়ার বিষয়টি তিনি শুনেছেন। নিখোঁজ যুবককে খুঁজে পেতে তিনি সবার সহযোগিতা কামনা করেছেন।










